আমরা ফেবারিট বলেই উদ্যাপনটা আহামরি হয়নি: সাকিব

সিরিজের আগেই বলেছিলেন, এবার বাংলাদেশ ফেবারিট। সে কারণেই কি ১৬ বছর পর পাকিস্তানকে হারিয়ে উদ্যাপনটা হলো সাদামাটা? বিষয়টি স্বীকার করলেন সাকিবও, ‘হ্যাঁ আমরা ফেবারিট বলেই উদ্যাপনটা আহামরি হয়নি। আমরা তো আর ‘‘আন্ডারডগ’’ ছিলাম না।’
সাকিবের চোখ এখন সিরিজ জয়ে, ‘এই জয় ধারাবাহিক করা সম্ভব। জয়ের পর তো অবশ্যই ভালো লাগে। বিশেষ করে এত দিন পর পাকিস্তানের সঙ্গে জিততে পারছি। এটা দলের জন্য বড় ব্যাপার। বিশ্বাস করি, আমাদের ক্ষমতা আছে সিরিজ জেতার। আর মাত্র দুটি ম্যাচ। একটি ম্যাচ জিতলেই আমরা সিরিজ জিতব। আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকবে। তবে শেষ দুটি ম্যাচ সহজ হবে না। আমাদের সেরা খেলা খেলতে হবে। যেটা আজকে আমরা খেলেছি। আমরা যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারি তাহলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে।’
তামিম-মুশফিকের ইনিংসকে টার্নিং পয়েন্ট মানছেন সাকিব, ‘অবশ্যই যেভাবে ও ইনিংসটি খেলেছে অসাধারণ ছিল। সত্যি কথা ও একটু চাপে ছিল। কিন্তু ওর ব্যাটিং দেখে এ রকমটা একটুও মনে হয়নি। অন্যতম সেরা ইনিংস অবশ্যই। বিশেষ করে এই দুইজন (তামিম-মুশফিক) যেভাবে ব্যাটিং করেছে...ওটাই আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট।’
জয়টা বাংলাদেশের আত্মবিশ্বাস কতটা বাড়িয়েছে, সে প্রসঙ্গে সাকিব জানালেন, ‘জয়টা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। ১৬ বছরে তিন সংস্করণে কোনটিতেই আমরা পাকিস্তানকে হারাতে পারিনি। এটা অনেক দীর্ঘ সময়। আমরা যেভাবে খেলেছি তাতে আমরা খুশি। আমরা দল হিসেবে খেলেছি। আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে পেশাদারিত্ব ছিল। যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছি, দুটোই বেশ ভালো হয়েছে। আমরা বেশ খুশি। কিন্তু আমাদের সামনে আরও দুটি ম্যাচ আছে। অন্তত একটি জয়তো লাগবে সিরিজ জয়ের জন্য। দ্বিতীয় ম্যাচেই সেটা করতে হবে।’
এ জয়ে স্বপ্নের পরিধি বেড়েছে। সে কারণে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বপ্ন কি দেখতে পারে না বাংলাদেশ? সাকিব বাস্তবের জমিনে পা রেখেই বললেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের ম্যাচ। যেটা পরশু দিন। আমরা চেষ্টা করব ওই ম্যাচটি জিততে। আমরা যদি ওটা জিততে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব শেষ ম্যাচটি জিততে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জেতা। প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছি। এখন দ্বিতীয় ম্যাচটি জিতে তারপর শেষ ম্যাচের কথা চিন্তা করব। যদি দ্বিতীয় ম্যাচে না হয় তাহলে তৃতীয় ম্যাচে সিরিজ জিততে হবে। আর দ্বিতীয় ম্যাচে জয় পেলে ৩-০ ফলের চিন্তা করব।’