সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে ইংল্যান্ড। টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টটা ইংল্যান্ডের কাছে ‘ডেড রাবার’ হলেও দক্ষিণ আফ্রিকার কাছে গুরুত্বহীন নয়। এবি ডি ভিলিয়ার্স আগের দিনই বলেছেন, ‘৩-০ হারাটা হবে লজ্জার। ২-১ অনেক ভালো শোনায়!’
এই লজ্জা এড়ানোর লড়াইয়ে শুরুটা দারুণ হলেও প্রথম দিনের শেষ সেশনে কিছুটা খেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অবশ্য হাশিম আমলা ও অভিষিক্ত স্টিভেন কুকের জোড়া সেঞ্চুরিতে দিন শেষে প্রোটিয়াদের স্কোর ৫ উইকেটে ৩২৯। একটা সময় ১ উইকেটে ২৩৭ রান ছিল তাদের!
দুটি সেঞ্চুরিতেই অবশ্য ইংলিশ ফিল্ডারদের ‘অবদান’ আছে, আরও নির্দিষ্ট করে বললে ইংলিশ উইকেটকিপার জনি বেয়ারস্টোর। সকালের সেশনে ব্যক্তিগত ৫ রানে আমলা বেন স্টোকসের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে। বলের লাইনে বেয়ারস্টো চলে আসায় সেই ক্যাচটা ধরতে পারেননি প্রথম স্লিপে দাঁড়ানো ইংলিশ অধিনায়ক কুক। জীবন পেয়ে আমলা থেমেছেন টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করে। কেপটাউনে ডাবল সেঞ্চুরির পর এখানেও সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স যেমনই হোক, অন্তত আমলাকে ব্যাট হাতে এই সিরিজে আর ব্যর্থ বলা যাচ্ছে না। সিরিজে দুই দল মিলিয়েই সর্বোচ্চ রান এখন তাঁর (৩৭৪)।
স্টিভেন কুক জীবন পেয়েছেন ৪৭ রানে। এ ক্ষেত্রে দুর্ভাগা বোলার ছিলেন স্টুয়ার্ট ব্রড। লাঞ্চের পর তৃতীয় ওভারে ব্রডের বলে ক্যাচ গিয়েছিল বেয়ারস্টোর কাছে। ঝাঁপিয়ে এক হাতে বল ধরলেও সেটা রাখতে পারেনি ইংলিশ উইকেটকিপার।
সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ৩৩ বছর ৫৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হওয়া কুক। ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে পেয়েছেন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক সেঞ্চুরির রেকর্ডও এখন কুকেরই। ছেলের কীর্তি মাঠেই বসেই দেখেছেন বাবা জিমি কুকও। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট খেলা জিমি কুকেরও অভিষেক হয়েছিল ৩৯ বছর বয়সে! ক্রিকইনফো।