
অবশেষে হাসল হাশিম আমলার ব্যাট। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে রেকর্ডছোঁয়া সেঞ্চুরি করেই ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ রানখরা কাটালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ১০ ইনিংসে ৫০ ছুঁতে ব্যর্থ আমলা কাল নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১২৪ রান। তাঁর ২১তম ওয়ানডে সেঞ্চুরির সুবাদেই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা (৩০৪/৭) নিউজিল্যান্ডকে (২৮৪) হারিয়েছে ২০ রানে।
গত বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের ইনিংস, এরপর ১০ ইনিংসে সাকল্যে ২০২ রান। এই আমলাই কাল ফিরলেন রাজকীয়ভাবে, ১২৬ বলে ১৩ চার ও ৩ ছয়ে করলেন ১২৪। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি ২১ সেঞ্চুরির হার্শেল গিবসের রেকর্ড ছুঁতে প্রোটিয়া টেস্ট অধিনায়ক খেলেছেন মাত্র ১১৬ ইনিংস। ২১ সেঞ্চুরি পেতে সবচেয়ে কম ইনিংস খেলতে হয়েছে তাঁকেই। ভারতের বিরাট কোহলি ২১তম সেঞ্চুরি পেয়েছিলেন ১৩৮ ইনিংসে। আমলার সঙ্গে রাইলি রুশোর ১৮৫ রানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে ৩০০ পেরোনো স্কোর এনে দেয়। ১০ ইনিংস পর ফিফটির দেখা পাওয়া রুশো ১১২ বলে ৬ চার ও ৩ ছয়ে করেছেন ৮৯।
রান তাড়া করতে এসে নিউজিল্যান্ড একপর্যায়ে ২ উইকেটে ১৪৮ করেছিল। কিন্তু আর ১০ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। বড় এই ধাক্কাটা আর সামাল দিতে পারেননি পরের ব্যাটসম্যানরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী রোববার, পচেসফস্ট্রুমে।
তথ্য সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৪/৭ (আমলা ১২৪, রুশো ৮৯, ফন উইক ১৬, বেহারডিয়েন ১৫; মিলনে ২/৫১, ম্যাকলেনাহান ২/৭২, নিশাম ১/৪৭)।
নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮৪ (ল্যাথাম ৬০, উইলিয়ামসন ৪৭, নিশাম ৪১, মানরো ৩৩; তাহির ২/৪০, স্টেইন ২/৫০, ফিল্যান্ডার ২/৫১, ভিসে ২/৬৩, রাবাদা ১/৪৯)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : হাশিম আমলা।