আমলাতেই শেষ দেখছেন ডু প্লেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ নিয়ে উত্তেজনা শেষ কেপটাউনেই। পোর্ট এলিজাবেথের পর নিউল্যান্ডসেও জয়, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরেছে দক্ষিণ আফ্রিকা। তাই আজ থেকে জোহানেসবার্গে শুরু দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টটা তো শুধু আনুষ্ঠানিকতার ম্যাচ! আসলে তা নয়। এটি গুরুত্ব পাচ্ছে হাশিম আমলার শততম টেস্ট বলে। লঙ্কানদের ধবলধোলাই করেই উপলক্ষটা উদ্যাপন করতে চাইবে প্রোটিয়ারা।
প্রথম দুই ম্যাচ সহজে জিতেও অবশ্য স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ‘কলপাক’ শব্দটা ঘুম কেড়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের। দ্বিতীয় টেস্ট চলার সময়েই অধিনায়ক ফাফ ডু প্লেসিসহ সতীর্থদের বড় একটা ধাক্কা দিয়েছেন কাইল অ্যাবট। এই ফাস্ট বোলার জানিয়ে দেন, পাঁচ মাস আগেই তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে কলপাক চুক্তিতে সই করেছেন! যার অর্থ দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না অ্যাবট। শুধু অ্যাবটই নন, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা আরও পাঁচজনও করেছেন কলপাক চুক্তি।
চোট আগে কেড়ে নিয়েছে ডেল স্টেইন ও মরনে মরকেলকে। অ্যাবটও নেই। হঠাৎ করেই নতুন চেহারায় প্রোটিয়া বোলিং আক্রমণ। অ্যাবটের শূন্যস্থান পূরণে আনকোরা পেস বোলার ডুয়ান অলিভিয়েরকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। তবে জোহানেসবার্গে অ্যাবটের জায়গা নেবেন সম্ভবত ওয়েইন পারনেল। চোটের কারণে বারবার দল থেকে ছিটকে পড়া বাঁ-হাতি পেসার সর্বশেষ টেস্ট খেলেছেন তিন বছর আগে।
আমলার ফর্ম নিয়েও উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ পাঁচ টেস্টে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি ২৫ টেস্ট সেঞ্চুরির মালিক। সর্বশেষ ৫ ম্যাচে ২১.৬৬ গড়ে মাত্র ১৯৫ রান আমলার। প্রভাব পড়েছে তাঁর ব্যাটিং গড়েও। চার বছরের মধ্যে প্রথমবারের মতো আমলার ক্যারিয়ার গড়টা নেমে গেছে পঞ্চাশের নিচে (৪৯.৪৫)।
ডু প্লেসি মনে করেন আমলার পর আর কোনো দক্ষিণ আফ্রিকানের হয়তো ১০০ টেস্ট খেলা হবে না। ক্রিকেট যেভাবে বদলে যাচ্ছে, তাতেই ডু প্লেসির এই আশঙ্কা, ‘আমি জোর দিয়ে বলছি, হ্যাশ (আমলা) সম্ভবত দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০ ম্যাচ খেলতে যাওয়া শেষ ক্রিকেটার। খেলাটা দ্রুতই বদলে যাচ্ছে, টি-টোয়েন্টি এসে গেছে। কুইনি (ডি কক) ও কেজি (রাবাদা) সম্ভবত মাইলফলকটাকে পাখির চোখ করেছে। তবে সেটা এখনো অনেক দূরের পথ। আমিও ১০০ টেস্ট খেলব না।’
প্রোটিয়ারা ভাবছে শুধু আমলার ব্যাটিং নিয়ে, প্রতিপক্ষ লঙ্কানরা ভাবছে পুরো দলের ব্যাটিং নিয়ে। প্রথম দুই টেস্টে মাত্র দুটি ফিফটি লঙ্কান ব্যাটসম্যানদের। ধবলধোলাই এড়াতে পারবে তারা? আবহাওয়া অবশ্য শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়াতে পারে। বৃষ্টির পূর্বাভাস আছে পাঁচ দিনেই। এএফপি, ক্রিকইনফো।