আমলাদের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রায়ান লারা ছবি: এএফপি।
ব্রায়ান লারা ছবি: এএফপি।

যে ক্রিকেটারটির ব্যাটিংয়ের মানসিকতায় কখনোই নেতিবাচক ভাবনা ঠাঁই পায়নি, সেই তিনি দক্ষিণ আফ্রিকার ‘টুকটুক’ পছন্দ করবেন কেন? দিল্লি টেস্টে ম্যাচ বাঁচাতে প্রোটিয়ারা যে কৌশল অবলম্বন করেছিল, তার সমালোচনাই করেছেন ব্রায়ান লারা।
আমলা-ডি ভিলিয়ার্স-ডু প্লেসিদের খেলা দেখে প্রচণ্ড বিরক্ত লারা টুইটারকেই বেছে নিয়েছিলেন নিজের ক্ষোভ প্রকাশে। বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের এই ধরনটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। এই ধরনের টেস্ট দিনে হোক আর রাতে, আমি দেখতে যেতাম না।’
টেস্ট বাঁচাতে গত দুই দিন বেশির ভাগ বলই ঠেকিয়ে গেছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। হাশিম আমলার ২৪৪ বলে ২৪, এবি ডি ভিলিয়ার্সের ২৯৭ বলে ৪৩ আর ফ্যাফ ডু প্লেসির ১১৭ বলে ১০ রানের ইনিংসগুলো ক্রিকেট দুনিয়ায় ‘ব্লকাথন’ নামে পরিচিত হয়ে গেছে। লারা এ ধরনের ক্রিকেটের কোনো হেতুই খুঁজে পান না। টুইটারে এর সমালোচনা করে ব্যঙ্গ করেই লিখেছেন, ‘আমি হাততালি দিয়ে তাদের অভিনন্দিত করতাম, যদি তারা টেস্টটি আসলেই বাঁচাতে পারত।’
দিল্লিতে ভারতের ৪৮১ রানের জবাব দিতে গিয়ে প্রোটিয়ারা যে ধরনের ব্যাটিং বেছে নিয়েছিল, তাতে লারার খুব করেই মনে পড়ে গেল ২০০৩ সালের কথা। সেবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কী অবলীলাতেই না ৪১৮ রান তাড়া করেছিল, ‘সেই দিনটার কথা মনে করে আমি সত্যিই বিস্মিত হই, তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান দল কীভাবে মহাশক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করেছিল।’
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জেতাই এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। টেস্ট ইতিহাসেই ৪০০-এর বেশি তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র চারটি। সেখানে ভারতের মাটিতে চতুর্থ ও পঞ্চম দিনের উইকেটে ব্যাটিং করে ৪৮১ তোলা প্রায় অসম্ভব একটা কাজ ছিল অবশ্যই। তবে ফাস্ট ক্লাস ক্রিকেটে ৫০১ ও টেস্টে ৪০০ রানের ইনিংসের মালিক লারার কথা একটাই, লক্ষ্যের পিছনেই ছুটে হেরে যাও, ঠুকঠুক ব্যাটিংয়ে ড্র করেই বা কী লাভ!