আমলাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের শরণ। দলের উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে কাল স্মিথ গেলেন কেপটাউনে অনুশীলনে আমলাদের সাহায্য করতে l ক্রিকইনফো
বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের শরণ। দলের উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে কাল স্মিথ গেলেন কেপটাউনে অনুশীলনে আমলাদের সাহায্য করতে l ক্রিকইনফো

গত জানুয়ারি আর এই জানুয়ারি, দুয়ের মধ্যে কত তফাত! কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে ২০১৫ সালটা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার। এক বছর পর আজ সেই কেপটাউনেই যখন আরও একটা টেস্ট খেলতে নামছে হাশিম আমলার দল, পেছনে টানা ৭টি টেস্টে জয়শূন্য থাকার হতাশা! এর মধ্যে দক্ষিণ আফ্রিকা হেরেছে ৪টি টেস্ট, বাকি ৩টি ভেসে গেছে বৃষ্টিতে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এই টেস্টটি সামনে নিয়ে স্বাভাবিকভাবেই খুব চাপে আছে স্বাগতিকেরা।
কতটা চাপ, সেটি বোঝানোর জন্য একটা তথ্যই যথেষ্ট। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২৪১ রানে হারের পর নতুন বছরের রাতজাগা পার্টিতেও অংশ নেয়নি প্রোটিয়া দল। সমুদ্রসৈকতের উদ্দাম আয়োজন, আতশবাজি সবকিছু থেকেই যতটা সম্ভব নিজেদের দূরে সরিয়ে রেখেছেন খেলোয়াড়েরা। চাননি মনোযোগটা খেলা থেকে অন্যদিকে চলে যাক। নিউল্যান্ডসে ঘুরে দাঁড়াতে না পারলে যে ঘরের মাঠে ৪ টেস্টের এই সিরিজটা জেতার সম্ভাবনাই শেষ হয়ে যাবে। এ কারণেই সিরিজের বাকি তিনটি টেস্টের জন্য প্রোটিয়া দলের বিশেষ উপদেষ্টা করে আনা হয়েছে সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে।
সবচেয়ে চাপে আছেন সম্ভবত অধিনায়ক আমলা নিজে। সর্বশেষ ১০ ইনিংসে ১৫ গড়ে মাত্র ১৫০ রান! ক্যারিয়ারে এত বাজে সময় আর আসেনি আমলার। এর মধ্যেই আবার হ্যামস্ট্রিং চোটের কারণে কেপটাউনে কাইল অ্যাবোটের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাঁধের চোটের কারণে এরই মধ্যে ছিটকে গেছেন ডেল স্টেইন। এখন অ্যাবোটও না থাকলে নিশ্চিত করেই ধার হারাবে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ।
এসবের মধ্যে শুধু পরিসংখ্যানই একটু সাহস জোগাচ্ছে প্রোটিয়াদের। বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর কেপটাউনে মোট ২৮টি টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা ১৯টিতেই জিতেছে। হার মাত্র ৪টি। এই ৪টি হারই অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দলগুলোর সঙ্গে এই মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা কি ধরে রাখতে পারবে দক্ষিণ আফ্রিকা?
উল্টো ছবি ইংল্যান্ড দলে। দারুণভাবে অ্যাশেজ জয়ের পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও ডারবানের জয় আবার চাঙা করে তুলেছে ইংলিশদের। সেই জয়োৎসব দিয়েই নতুন বছরটাকে স্বাগত জানিয়েছে অ্যালিস্টার কুকের দল। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি দলের পেস আক্রমণের নেতা জেমস অ্যান্ডারসন। কেপটাউনে তাঁর ফেরার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল।
তবে এই ফুরফুরে মেজাজটা যাতে অতি-আত্মবিশ্বাস হয়ে ক্ষতি না করে ফেলে, সেদিকেও সতর্ক ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস, ‘আমরা সবাই খুব উচ্ছ্বসিত। কিন্তু কোনো কিছুই নিশ্চিত ধরে নিয়ে বসে থাকছি না। এ রকম পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে বলেই তো দক্ষিণ আফ্রিকা টেস্টের এক নম্বর দল হয়েছে।’
প্রশ্ন হচ্ছে, এত সমস্যা কাটিয়ে উঠে দক্ষিণ আফ্রিকা কি আসলেই ঘুরে দাঁড়াতে পারবে এবার?