ম্যাচের জয়-পরাজয় সময়ই নির্ধারণ করবে। একটা জায়গায় আপাতত জিতে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ঠিকই বুঝতে পেরেছিলেন উইকেট!
টস জিতে ব্যাটিং নেওয়ার পর লঙ্কান অধিনায়ক বলেছিলেন, ‘এটাকে এসএসসির টিপিক্যাল উইকেট মনে হচ্ছে না। বেশ শুষ্ক এবার।’ উইকেট শুষ্ক দেখেই শ্রীলঙ্কা নামল তিন স্পিনার নিয়ে। হাশিম আমলার উইকেট পাঠ ছিল উল্টো, ‘অতটা শুষ্ক কোথায়! ব্যাটিং-স্বর্গই তো মনে হচ্ছে। এর চেয়ে গলের উইকেটই বেশি শুষ্ক ছিল।’ কাল যে আড়াই ঘণ্টা উইকেটে ছিলেন আমলা, প্রতিটি মুহূর্তেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কতটা ভুল করেছিলেন উইকেট বুঝতে!
সিরিজ বাঁচাতে জিততেই হবে ম্যাচ। এসএসসির ব্যাটিং-স্বর্গকে তাই রাতারাতি স্পিনসহায়ক করার চেষ্টা করেছিলেন কিউরেটর। চেষ্টায় কাজ যে কিছু হয়েছে, প্রমাণ মিলল কাল। বোলারের বুটে উইকেটের ক্ষত জীবন্ত হলো সকালের সেশনেই। বিকেল নাগাদ খানিকটা রুক্ষ উইকেট, জমতে দেখা গেল ধুলাবালুও। আর বদলে যাওয়া সেই ২২ গজে আমলাদের ঘাম ছুটিয়ে ছাড়লেন লঙ্কান স্পিনাররা। ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই স্পিন, সাফল্যও ধরা দিয়েছে শুরুতেই। রঙ্গনা হেরাথের প্রথম ওভারেই ফিরতি ক্যাচ দিলেন আলভিরো পিটারসেন। গলের সেঞ্চুরিয়ান ডিন এলগার আউট অফস্পিনার দিলরুয়ান পেরেরার প্রথম ওভারে।
লঙ্কান স্পিনত্রয়ীয় আক্রমণে দক্ষিণ আফ্রিকার রানের চাকা গেল থমকে। তবে রান না পেলেও ডু প্লেসি ও আমলা স্পিন-পরীক্ষায় উতরে গেছেন উইকেট না দিয়ে। যদিও শেষ রক্ষা হয়নি। ৩০ ওভারে ৫৮ রানের জুটি শেষ হয়েছে বাজে এক বলে। সুরাঙ্গা লাকমলের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটে পেছনে ধরা দেন ফাফ ডু প্লেসি। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচে টেস্ট ডিসমিসালের খাতা খুলেছেন নিরোশান ডিকভেলা।
দিনের প্রথমভাগের নায়কও ছিলেন এই অভিষিক্ত উইকেটকিপার। আগের দিন ব্যাট হাতে একটু নড়বড়ে মনে হলেও কাল দারুণ সব স্ট্রোক খেলেছেন এই ২১ বছর বয়সী। বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে ইংল্যান্ডে থাকা ‘এ’ দল থেকে উড়িয়ে এনেছেন নির্বাচকেরা! অভিষেক ম্যাচের ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি রানআউট হওয়ায় (৭২)। এর আগে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ডিকভেলার ১০০ রানের জুটিও ভেঙেছে রানআউটে। ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরির পর রানআউট হয়েছেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কা শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৬ রানে। তবে ওই রানই এখন বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার জন্য। টেন ক্রিকেট, ক্রিকইনফো।