আমলার পর ডু প্লেসিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরিয়ান হাশিম আমলাকে অভিনন্দন জানাতে গিয়ে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন ফ্যাফ ডু প্লেসি l রয়টার্স
ডাবল সেঞ্চুরিয়ান হাশিম আমলাকে অভিনন্দন জানাতে গিয়ে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন ফ্যাফ ডু প্লেসি l রয়টার্স

এভাবেও ফর্মে ফেরা যায়! মানে হাশিম আমলা যেভাবে ফিরলেন! কেপটাউনের আগে সর্বশেষ ১০ ইনিংসে ১৫ গড়ে ১৫০ রান। সেই আমলাই কেপটাউনের প্রথম ইনিংসে করলেন ২০১! নতুন বছরটা নতুন করেই শুরু হলো দক্ষিণ আফ্রিকান অধিনায়কের।
আমলার চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরি আর বাভুমার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের ৬২৯ রানের জবাবটাও দারুণভাবেই দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৬২৭ করে ইনিংস ঘোষণা করেছে তারাও। অতি নাটকীয় কিছু না হলে এই টেস্টে ড্র ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়।
আমলার মতোই নতুন বছরের প্রথম ইনিংস দিয়ে ফর্মে ফিরেছেন ফাফ ডু প্লেসি। আসলে অধিনায়কের চেয়েও খারাপ ফর্ম যাচ্ছিল তাঁর। কেপটাউনের আগে সর্বশেষ ৯ ইনিংসে করেছিলেন ৭১ রান, সর্বোচ্চ ৩৯! অবশ্য ফর্মে ফিরলেও আগের দিনের হাফ সেঞ্চুরিটাকে কাল শেষ পর্যন্ত সেঞ্চুরি বানাতে পারলেন না এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। আউট হয়ে গেছেন ১৪ রান দূরে থাকতে।
ডু প্লেসি না পারলেও আমলা ঠিকই পেরেছেন। আগের দিনের ১৫৭ থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান কাল লাঞ্চের আগেই। তবে এরপর আর বেশিক্ষণ টেকেননি। লাঞ্চের পর চতুর্থ ওভারেই আউট হয়ে গেছেন ডাবল সেঞ্চুরির সঙ্গে আর মাত্র ১ রান যোগ করে। প্রায় ১২ ঘণ্টা স্থায়ী ইনিংসে আমলা খেলেছেন ৪৭৭ বল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর চেয়ে বেশি বল খেলেছেন শুধু দুজন—গ্যারি কারস্টেন (৬৪২) ও মাইক আথারটন (৪৯২)। এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো ইনিংসে ৪৫০ বলের বেশি খেললেন আমলা। দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এ কীর্তি আছে আর একজনেরই—গ্যারি কারস্টেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।