আমলার ভয়ংকর তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এসে হতাশাই বেশি সঙ্গী হয়েছে আমলার। ছবি: এএফপি।
ভারতে এসে হতাশাই বেশি সঙ্গী হয়েছে আমলার। ছবি: এএফপি।

নাগপুর টেস্টের উইকেট নিয়ে এরই মধ্যে অনেক ‘মহাকাব্য’ রচিত হয়ে গেছে। এভাবে স্বাগতিক হওয়ার সুবিধা নেওয়া উচিত কি না এটি নিয়েও প্রশ্ন উঠেছে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা অবশ্য এই বিতর্কে জড়াচ্ছেন না। পেশাদার হিসেবে জড়াতে পারেনও না। তবে এতটুকু জানিয়ে রাখলেন, ক্যারিয়ারে খেলেছেন এমন পিচগুলোর মধ্যে এই পিচ সবচেয়ে কঠিন। আর নাগপুর টেস্টের তিন দিন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ভয়ংকর তিনটি দিন!
এমনিতে বছরটাই খারাপ কেটেছে আমলার। ৬টি টেস্ট খেলে সেঞ্চুরি দূরের কথা, ফিফটিই পেয়েছেন মাত্র একটি। প্রোটিয়া ওপেনারের হয়তো আশা ছিল, ভারত সফরে এসে বছরের শেষটাকে অন্তত ভালো করবেন। ভারতে যে এর আগে নিয়মিতই হেসেছে তাঁর ব্যাট। পুরো ক্যারিয়ার গড় যেখানে প্রায় ৫১, সেখানে ভারতের মাটিতে খেলা আগের ৬ টেস্টে তাঁর ব্যাটিং গড় প্রায় ১০৩। তবে আমলার আশার গুঁড়ে এবার পড়েছে বালি। নিজে তো ব্যর্থ হয়েছেনই, দলও সিরিজটা হেরে গেছে। ৯ বছর পর বিদেশের মাটিতে যেটি প্রোটিয়াদের প্রথম সিরিজ হার।
নাগপুর টেস্টের পিচ একটু বেশিই স্পিনবান্ধব ছিল। স্বাভাবিকভাবেই সুবিধাটা বেশি পেয়েছে ভারত। দুই ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেটের সবগুলোই গেছে স্পিনারদের দখলে। সবচেয়ে মজার ব্যাপার, দলের একমাত্র পেসার ইশান্ত শর্মা দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৭ ওভার (প্রথম ইনিংসে মাত্র ২ ওভার) বোলিং করেছেন! স্পিন-বিষেই নীল হয়েছে প্রোটিয়ারা। স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে এমন পিচ বানানোর স্বাধীনতা ভারতের আছে। চর্চাটা ‘নিয়ম বহির্ভুত’ কিছু নয়।
তবে ক্রিকেট-নৈতিকতা এক পাশে সরিয়ে রেখে বলায় যায়, আমলাদের জন্য টেস্টটা ছিল ভয়ংকর দুঃস্বপ্নের মতোই। নিজেদের ব্যর্থতার দায় আছে, তবে মূল হন্তারক ছিলেন অশ্বিন-জাদেজারাই। স্পিন-সহায়ক পিচের পুরো সুবিধা তুলে নিয়ে দুঃসহ সময় ‘উপহার’ দিয়েছেন আমলাদের। দুই ইনিংসে তাদের ৭৯ ও ১৮৫ রানে বেঁধে রেখে তিন দিনের মধ্যেই ম্যাচটা জিতে নিয়েছে ১২৪ রানে।
ম্যাচ শেষে আমলা বললেন, ‘এই তিন দিন সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ংকর তিন দিন ছিল। পিচটিও ক্যারিয়ারে মুখোমুখি হওয়া পিচগুলোর মধ্যে সবচেয়ে কঠিন। খেলাটাও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ভারতকে কৃতিত্ব দিতেই হবে, ওরা কিছুটা ভালো বোলিং করেছে। তাতেই হেরে গেলাম।’
প্রথম ইনিংসে ভারতের ২১৫ এর বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছে ৭৯, ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন। ম্যাচটা আসলে ওই এক ইনিংসেই হেরে গেছে তারা। প্রথম ইনিংস নিয়ে আক্ষেপ আছে আমলারও, ‘প্রথম ইনিংসটা হতাশাজনক ছিল, ওদের স্কোরের কাছাকাছিও যেতে পারিনি আমরা। শেষ ইনিংসে ২০০ তাড়া করতে হলে হয়তো ভালো হতো।’ 

আমলা বিশেষ প্রশংসা করলেন ভারতের স্পিনারদেরও, ‘এই ধরনের পিচে ওদের স্পিনাররা দুর্দান্ত ছিল। এটা মানতেই হবে।’ তথ্যসূত্র: ক্রিকইনফো, এনডিটিভি।