আমলার সেঞ্চুরিতে জয়
হাশিম আমলাকে একবার জীবন উপহার দেওয়া ‘উদারতা’ হিসেবে মেনে নেওয়া যায়। কিন্তু দ্বিতীয়বার দিলে সেটি তো ‘অপরাধ’ই! ফল যা হওয়ার তাই হলো, হাশিম আমলা পেয়ে গেলেন ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। সঙ্গে ফ্যাফ ডু প্লেসির হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ৯ উইকেটে ২৮২ রান। জবাবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলরবিহীন নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২১০ রানেই। একমাত্র রনকিই যা একটু প্রতিরোধ গড়েছেন, তাঁর ৮৩ বলে ৭৯ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে। কাল ৭২ রানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। তাই বলে প্রোটিয়ারা সিরিজের তৃতীয় ম্যাচটিকে স্রেফ আনুষ্ঠানিকতা ভাবছে না নিশ্চয়ই। সোমবার নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারাতে পারলে যে অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডে র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠবে তারা! এএফপি।