
মাঠের নামটা সেঞ্চুরিয়ন। হাশিম আমলার ব্যাট তাহলে নীরব থাকে কী করে! সেঞ্চুরি করলেন, আর গতকালেরটি নিয়ে ওয়ানডেতে এই মাঠে ১২ ইনিংসে পঞ্চম সেঞ্চুরি হলো দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের। কুইন্টন ডি কক এখানে পেলেন টানা তৃতীয় সেঞ্চুরি। দুজনের দুটি সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠল ডি ভিলিয়ার্সের দল—৬ উইকেটে ৩৮৪।
দুজনের ওপেনিং জুটি ভাঙে ডি ককের আউটে। ততক্ষণে স্কোর বোর্ডে উঠে গেছে ১৮৭ রান। ঘরের মাঠে ওয়ানডেতে পঞ্চম সর্বোচ্চ ওপেনিং জুটি। সিরিজের আগের চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা ফাফ ডু প্লেসি আউট হয়ে যান ৪১ রান করে। এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনিও বলার মতো কিছু করতে পারেননি। তবে ১৫৪ রানের ইনিংসে সেসব পূরণ করে দিয়েছেন ওয়ানডেতে ২৪তম সেঞ্চুরি করা আমলা।
ওয়ানডেতে ২৪তম বারের মতো সাড়ে তিন শ পেরোনো স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা। আর কোনো দলেরই এর চেয়ে বেশি সাড়ে তিন শ পেরোনো ইনিংস নেই। ২৩ বার এই কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকার পরে আছে ভারত।
পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে রেকর্ডই করতে হতো শ্রীলঙ্কাকে। এখন পর্যন্ত ৩২২ রানের বেশি রান চেজ করে জয়ের ইতিহাস যে নেই দলটির। এই খবর লেখা পর্যন্ত নতুন ইতিহাস লেখার আভাস মেলেনি। ৪১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের রান ২১০। টেন থ্রি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮৪/৬ (ডি কক ১০৯, আমলা ১৫৪, ডু প্লেসি ৪১, ডি ভিলিয়ার্স ১৪, ডুমিনি ১০, বেহারডিয়েন ৩২, মরিস ৩, পারনেল ১; লাকমল ৩/৭১, মদুশংকা ২/৭০, ভ্যান্ডারসে ১/৬১)।