আমলা-রুশোর তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশিম আমলা: ১০৫ বলে ১৩৩
হাশিম আমলা: ১০৫ বলে ১৩৩

আর যা-ই হোক, হাশিম আমলার ব্যাটিংয়ের সঙ্গে ‘তাণ্ডব’ শব্দটি যায় না কখনোই। পেশিশক্তির প্রদর্শনীর এই যুগেও তিনি বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেন সৌন্দর্যের ফুল ফুটিয়ে। উইলো কাঠ তাঁর হাতে হয়ে যায় পালক, রেশমি পেলব বুলিয়ে দেন বলে। কিন্তু পরশু যে ইনিংসটি খেললেন, সেটির বর্ণনায় তাণ্ডবের চেয়ে জুতসই শব্দ পাওয়া মুশকিল। ১১ চার ও ৬ ছক্কায় ১০৫ বলে ১৩৩, এই সংখ্যাগুলো আসলে বোঝাতে পারছে না। এর চেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংস আমলা আগেও খেলেছেন। কিন্তু পরশুর আমলা ছিলেন খুনে, ব্যাট ছিল তাঁর চাবুক। দেখিয়েছেন সময়ের দাবি মেনে অপ্রথাগত শটও রপ্ত করে ফেলেছেন অনেক!
রাইলি রুশো তাণ্ডব চালাতে পারেন, কদিন আগে এটাই ছিল অবিশ্বাস্য। সিরিজ শুরু করেছিলেন শূন্য রানে আউট হয়ে, দশম ওয়ানডেতে সেটি ছিল তাঁর পঞ্চম শূন্য! পরের ম্যাচে ১১৫ বলে ১২৮, জানিয়ে দিলেন শূন্যের মিছিলের পরও কেন তাঁকে বয়ে বেড়াচ্ছিল দক্ষিণ আফ্রিকা। সামর্থ্যের আরেকটি প্রামাণ্যচিত্র দেখালেন পরশু। এবার ৯ চার ও ৮ ছক্কায় ৯৮ বলে ১৩২!
এই দুজনের যুগলবন্দিতে আবারও বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরি আড়াল করে দিয়েছিল আমলা-রুশো জুটিকে। উদ্বোধনী জুটিতে ২৪৭ রান তুলে গড়েছিলেন দেশের হয়ে যেকোনো জুটির রেকর্ড। পরশু সেঞ্চুরিয়নে রুশো নামলেন চারে, দুজনের জুটি হলো তাই তৃতীয় উইকেটে। আবারও ঠিক ২৪৭ রানের জুটি, দুজন ছুঁলেন নিজেদেরই রেকর্ড। সেদিনের জুটি ছিল ২৩১ বলে, পরশু মাত্র ১৭২ বলে!

রাইলি রুশো: ৯৮ বলে ১৩২
রাইলি রুশো: ৯৮ বলে ১৩২


এমন তাণ্ডবের ইঙ্গিত অবশ্য ছিল না শুরুতে। চোট কাটিয়ে ফেরা কুইন্টন ডি কক ফিরে যান দ্বিতীয় ওভারেই (৪), তিনে নেমে ফাফ ডু প্লেসি ২৭ বলে ১৬। এরপর ওই দুজন। রুশো ফিফটি ছুঁয়েছেন ৬০ বলে। এরপর আন্দ্রে রাসেলের এক ওভারে তিন ছক্কা এক চারে আচমকাই শুরু টর্নেডো। পরের ফিফটিতে লেগেছে ২৩ বল! আমলার প্রথম ফিফটি ৪৯ বলে, পরের ফিফটি ৪৩ বলে। এরপর ১৩ বলে ৩৩! সিরিজ-সেরা আমলা চার ম্যাচ খেলে করেছেন ৪১৩ রান (৬৬, ১৫৩*, ৬১*, ১৩৩), গড়া ২০৬.৫০!
শেষ দিকে ৯ বলে ২৩ ডেভিড মিলার। ৫০ ওভারেও যে রান তোলা দুঃসাধ্য, বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচেও দক্ষিণ আফ্রিকা তুলে ফেলে ৩৬১! ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইলকে হারানোর পর ম্যাচ ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। ১৩১ রানের জয়ে ৪-১-এ সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার। টেন ক্রিকেট, ক্রিকইনফো।