আমাকে ধোঁকা দেওয়া হয়েছে
>বলা হয়েছিল, রান করলেই ইংল্যান্ড দলে ফিরতে পারবেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পরও তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। হতাশ-ব্যথিত কেভিন পিটারসেন ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ-এ লেখা কলামে উগরে দিয়েছেন সব ক্ষোভ

ইংল্যান্ড দলে ফেরার আশাটা শেষ হয়ে গেল বলে আমি একেবারেই বিধ্বস্ত। বিশেষ করে যখন আমার কাছে যা চাওয়া হয়েছিল, তার সবকিছু পূরণ করার পরও। লন্ডনের একটি হোটেলে অ্যান্ড্রু স্ট্রাউস ও টম হ্যারিসনের (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাহী) সঙ্গে গত সোমবার রাতে একটি বৈঠকে বসেছিলাম আমি। টম যখন গত সপ্তাহে আমাকে বৈঠকে ডাকেন, আমি ওই হোটেল রুমে যেতে চাইনি, কারণ আমার ভয় ছিল যে হয়তো শুনতে হবে ইংল্যান্ড দলে আমাকে আর নেওয়া হচ্ছে না। এ রকম পরিস্থিতিতে আমি আগেও পড়েছি এবং আমি জানতাম সারের হয়ে একটা ম্যাচের মাঝপথে থাকব বলে আমার পুরো মনোযোগ ও একাগ্রতা তাতেই ঢেলে দেওয়া দরকার। টম বললেন, ‘না, না, তোমার ক্যারিয়ারটা ইংল্যান্ডের হয়ে অন্যতম সেরা এবং আমাদের একসঙ্গে কাজ করা দরকার।’ খুব স্বাভাবিক যে, আমি বৈঠকে যেতে রাজি হলাম।
আমি আবারও ইংল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে আমার দৃঢ়প্রতিজ্ঞার কথা গোপন করিনি। ওই দিনের শুরুতেই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস খেলেছি, আমার স্বীকার করতে দ্বিধা নেই, আমি যেন সওয়ার হয়েছিলাম একটি ঢেউয়ের ওপর। এখন পরিষ্কার মনে হচ্ছে, স্ট্রাউস আমাকে কী বলতে যাচ্ছে, টম সেটি ঠিক জানত। বৈঠকের পর আমি টমকে মেসেজ করি এবং জানতে চাই আমাকে কী বলা হবে, সেটি নির্দিষ্টভাবে জানার পরও আমাকে কেন সে হোটেলে ডেকে নিল। তার ওপর ঘটনার গতিপ্রকৃতি এ রকম হবে কি না, সেটি যেখানে আমি খোলাখুলি তার কাছে জানতে চেয়েছিলাম। ‘আর তোমরা বলছ এটা বিশ্বাসের ব্যাপার’—বললাম আমি। তার নির্লিপ্ত জবাব, ‘কেভিন আমি দুঃখিত, তুমি ওটা এভাবে নিয়েছ।’
আমাকে দলে না নেওয়ার যুক্তি হিসেবে তারা ‘বিশ্বাস’ শব্দটা ব্যবহার করেছে। ঠিক আছে, কিন্তু বিশ্বাস ব্যাপারটা যে দ্বিমুখী। আমি বিশ্বাস করতে পারিনি যে, সভাটি শেষ হওয়ার আধঘণ্টার মধ্যেই সেটির ফল ছড়িয়ে পড়বে ইন্টারনেটে, বিবিসির বায়ুতরঙ্গে। আমি কাউকেই কিছু বললাম না, তাহলে বলল কে? তারা বলছে, তারা আমাকে বিশ্বাস করে না, কিন্তু তাদের কীভাবে কেউ বিশ্বাস করবে?

আমি বৈঠকে এই আশা নিয়েই গিয়েছিলাম যে, স্ট্রাউস হয়তো আমাকে বলবে এ মুহূর্তে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ভালোই করছে, কিন্তু যদি আমি রান পেতে থাকি এবং যদি কোনো চোটের ঘটনা ঘটে, তখন আমার খেলার সুযোগ থাকবে। ইংল্যান্ড দলে আবার ডাক পাওয়াটা আমাকে অর্জন করতে হবে এটা তো জানাই, তবে অন্তত নির্বাচনের জন্য তো বিবেচিত হব। কিন্তু না, আমাকে একেবারেই বিভ্রান্ত করা হলো। টম বলার চেষ্টা করেছিল যে মিডিয়া কলিন গ্রেভসের কথার ভুল ব্যাখ্যা করে আমার ফেরার সম্ভাবনা তুলে ধরেছে। যে কেউই মানবেন, এর চেয়ে বাজে কথা আর হয় না। কলিন গ্রেভসের সঙ্গে দুবার ফোনে কথা হয়েছে আমার, তিনি একেবারে স্ফটিকের মতোই স্বচ্ছভাবে আমাকে বলেছিলেন, আমাকে একটা কাউন্টি দল খুঁজে পেতে হবে, রান করতে হবে এবং সেটাই পরিষ্কার রাস্তা। তিনি বলেছিলেন যখন তিনি চেয়ারম্যান পদে বসবেন, চাইবেন সেরা খেলোয়াড়েরাই ইংল্যান্ড দলে খেলুক। দুবার আলাদা করে ফোনালাপে এটি বলেছিলেন আমাকে। জাতীয় সংবাদপত্রগুলোয়ও এটির পুনরাবৃত্তি করেছেন তিনি।
আমার পক্ষে যা সম্ভব ছিল, সবই আমি করেছি। চেয়ারম্যান কি আমাকে মিথ্যা বলেছিলেন? একমাত্র তিনিই এটা বলতে পারেন। টম হ্যারিসন ও অ্যান্ড্রু স্ট্রাউস আজ বলছে, তারা তিনজনই এক হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না, কী বলব। আমি যদি কাউন্টিতে রান করি, তা হলে দলের জন্য বিবেচিত হব—কলিন এটি বলার পর কী ঘটল?
কাউন্টি ক্রিকেটে খেলার জন্য আমি আমার আইপিএল চুক্তি ছেড়ে বড় মূল্য দিলাম। আমার বেতন দেওয়ার জন্য সারের আলাদা কোনো তহবিল ছিল না। আমি বলেছিলাম, খেলার জন্য আমাকে কিছুই দিতে হবে না, শুধু চ্যারিটিতে কিছু অনুদান দিলেই চলবে। এখন আমার ভয়ংকর উপলব্ধি হচ্ছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। তারা আগাগোড়াই জানত যে, এটাই আমার পথের শেষ।
এ মুহূর্তে আমি ক্ষুব্ধ ও ব্যথিত, কিন্তু এ নিয়ে আমার কিছুই করার নেই। স্ট্রাউসকে বিচার করা হবে ফল দিয়ে। কিন্তু দুটি ভালো সূত্রে আমি জানতে পেরেছি যে, এই গ্রীষ্মের ফলাফলের কোনো মূল্য থাকবে না। ক্রিকেট পরিচালকের কর্মপরিধিতেই নাকি বলা আছে, দীর্ঘমেয়াদি ফলের দিকে মনঃসংযোগ করা। কিন্তু স্ট্রাউসকে যদি বলেই দেওয়া হয়, এই গ্রীষ্মে তার জেতার দায় নেই, তাহলে খেলোয়াড়েরা কেন অনুশীলন করছে, করছে কঠোর পরিশ্রম? তাহলে মোদ্দা কথা দাঁড়ায়, অবিশ্বাস্যভাবে সবাইকে অ্যাশেজে হারার অনুমতি দেওয়া হয়েছে! আগে কখনো এমনটা আমি শুনিনি। আমি এমনটা ভাবতে শিখিনি, জানি ইংলিশ জনতার মনের মধ্যেও এটা নেই। বিশেষ করে যাঁরা টিকিটের জন্য অনেক টাকা ব্যয় করেন।
এটাই তাদের মনোভাব হলে সেটি হবে চরম হতাশার। স্ট্রাউসের চাকরি পাওয়ার তাহলে এটিই কারণ যে, সে এসব শর্ত মেনে চলবে? মাইকেল ভন ও অ্যালেক স্টুয়ার্ট হলে এই শর্ত অবশ্যই মানত না! এটা সত্য যে ইংল্যান্ড দলে আমার আর ভবিষ্যৎ নেই বলার পরে স্ট্রাউস আমাকে তার উপদেষ্টাদের দলে ঢোকার প্রস্তাব দিয়েছিল। আমি তাকে এটি ভুলে যেতে বলেছি। সে কীভাবে একবাক্যে আমাকে বলতে পারে যে, তারা আমাকে বিশ্বাস করে না এবং পরপরই বলে, আমরা তোমাকে একটি বোর্ডে চাই, যেহেতু তোমার অসাধারণ এক ক্রিকেট-মস্তিষ্ক আছে? ওই মুহূর্তে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘কে আমাকে বিশ্বাস করে না? নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী তো নতুন। তাহলে আমরা ব্যাটিং অর্ডারটা দেখি।’ আমি কিছু নাম গড়গড় করে বলতে থাকলাম। ও কোনো নামই বলল না। বলল, এটি অনেক বড় বিষয়, শুধু খেলোয়াড় নিয়েই নয়।
আমি মেনে নিয়েছিলাম যে অ্যালিস্টার কুক ও আমার মধ্যে কিছু বিষয় মিটিয়ে নেওয়ার আছে। তবে আমি ভেবেছিলাম, আমরা তা করতে পারব এবং স্ট্রাউস সেটির সুযোগ করে দেওয়ার মতো অবস্থানে আছে। অ্যালিস্টার এবং আমি যাতে মানিয়ে নিতে পারি, সেটা দেখাই তো স্ট্রাউসের দায়িত্ব। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, নতুন কোচ যদি তার সেরা দলটি বেছে নিতে না পারে, দর্শকদের প্রতি সেটি সুবিচার হবে কি না? বিশেষ করে অ্যাশেজ গ্রীষ্মে কঠিন এক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে, যাদের হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ও পরিসংখ্যান আওড়াতে শুরু করল। আমি বললাম, ‘প্লিজ, আমার সঙ্গে মিটিংয়ে বসে আমি ইংল্যান্ডের পক্ষে খেলতে পারব না জানিয়ে সেটি যৌক্তিক প্রমাণ করতে পরিসংখ্যানের বুলি কপচিয়ো না।’
আমার ক্ষেত্রে যা ঘটল সেটি স্রেফ প্রতারণা এবং সত্যি বললে এখনো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমাকে যা বলা হয়েছিল, প্রতিটি কাজই আমি করেছি। আমি আমাকেই জিজ্ঞেস করছি, আর কী করতে পারতাম?
আইপিএল থেকে ছাড়ার শর্ত অনুযায়ী, টুর্নামেন্টের শেষ পর্যায়ে হায়দরাবাদ সানরাইজার্স আমাকে ফের ডেকে নিতে পারে। সে অনুযায়ীই আমি শুক্রবার তাদের অনুরোধে ভারতে উড়াল দিচ্ছি। এটি আমাকে একটু শান্ত হওয়ার সুযোগ করে দেবে এবং ভাবতে পারব এরপর কী করব। আমার সত্যিই খারাপ লাগছে যে ইংল্যান্ড দলের শার্ট গায়ে চড়ানো হবে না।
পিটারসেনকে নিয়ে
লোকটা (স্ট্রাউস) দেখছি আবারও ইংলিশ ক্রিকেটকে হাস্যকর বানিয়ে ফেলল!
গ্রায়েম স্মিথ
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক
দেখলাম স্ট্রাউস বলেছে, কেপি ইংল্যান্ডের হয়ে খেলতে পারবে না, কিন্তু তাকেই আবার উপদেষ্টার পদ সাধা? হচ্ছেটা কী? ঠিক শুনছি?
শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি
দারুণ এক ইনিংসের জন্য অভিনন্দন কেপিকে। আনন্দটা মাটি করল স্ট্রাউস ও টম হ্যারিসন। হতোদ্যম হয়ো না, রান করে যাও।
জিওফ বয়কট
সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান
ব্যক্তিগত বিষয় প্রভাব ফেলেছে স্ট্রাউসের সিদ্ধান্তে। খুবই অপরিপক্ব সিদ্ধান্ত। ভালো কিছু হলো না।
গ্যারি লিনেকার
১৯৮৬ বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা
‘ইংল্যান্ড দলে কেপিকে নেওয়ার মতো আস্থা আমার নেই, কিন্তু ওয়ানডে দলের পরামর্শক বানানোর মতো আস্থা আছে’!#স্ট্রাউসের যুক্তি
কুমার সাঙ্গাকারা
পিটারসেনের সারে-সতীর্থ
সম্ভাব্য সেরা খেলোয়াড়দের বেছে নাও। খেলাটাকে জটিল করো না। এটা তো ক্রিকেটই।
মাইকেল ভন
সাবেক ইংলিশ অধিনায়ক
কেপির ব্যাটিং-সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ছিল না, তাই অপরাজিত ৩২৬ রান কী আর পাল্টাবে?
সঞ্জয় মাঞ্জরেকার
ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান