মেহেদী হাসান মিরাজের দাবি, ‘আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল নয়। ওটা নিয়ে আমরা চিন্তিত না।’
সে তো ভালো কথা! দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বিশ্বের তাবৎ ব্যাটসম্যান যখন বাউন্স নিয়ে মাথা ঘামান, খাটো লেংথ থেকে উঠে আসা বল কীভাবে সামলাবেন, তা নিয়ে আলাদা সময় দেন, সেখানে মিরাজের দাবি বাংলাদেশের সমর্থকদের দুশ্চিন্তা দূর করে দিতে পারে।
দুশ্চিন্তা? দক্ষিণ আফ্রিকা সফর মানেই বাংলাদেশের জন্য দুশ্চিন্তার প্রধান কারণ পেসবান্ধব উইকেটের বাউন্স। এবার ওয়ানডে সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে কাগিসো রাবাদা–লুঙ্গি এনগিডিদের বেশ ভালোই সামলে জিতেছে বাংলাদেশ।
কিন্তু জোহানেসবার্গে পরের ম্যাচে বাংলাদেশ আর কুলিয়ে উঠতে পারেনি। দক্ষিণ আফ্রিকার তুলনায় বড় প্রতিপক্ষ হয়ে উঠেছিল উইকেটের অসমান বাউন্স। বল একই জায়গায় পড়ে কখনো উঠছে, কখনো নামছে!
এই অসমান বাউন্স সামলাতে না পেরেই দ্বিতীয় ম্যাচে দুই শর নিচে রান তুলে হেরেছে বাংলাদেশ। কাল সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে তাই সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল বাউন্স।
বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মিরাজ দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ভোগান্তিকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘শর্ট বল যেটা বললেন, পেছনের বল যদি অনেক ওপরে যায়, আরেকটা বল একই জায়গা থেকে যদি নেমে যায়, তাহলে ব্যাটসম্যানদের জন্য কঠিন। শর্ট বলে আমাদের ব্যাটসম্যানরা অনেক দুর্বল, এটা বলব না। আমরা তো প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে অনেক ভালো ক্রিকেট খেলেছি। রাব্বি অনেক মেরেছে, সাকিব ভাই মেরেছে। সবাই ভালো খেলেছে, লিটনদা, তামিম ভাই। উইকেট যদি সমান বাউন্সের থাকে, তাহলে কিন্তু শর্ট বল সহজ হয়ে যায়। যদি একই লেংথ থেকে আপ-ডাউন হয়, তখন কিন্তু কঠিন হয়ে ওঠে।’
প্রোটিয়া পেসারদের শর্ট লেংথের বলে ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে ভাবছে না বাংলাদেশ, জানালেন মিরাজ, ‘১৪০ গতির একটা বল যদি মাথার ওপর দিয়ে যায়, আরেকটা নিচে হয়, ব্যাটসম্যানরা তাহলে দ্বিধায় পড়ে যায়। আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল না। ওটা নিয়ে আমরা চিন্তিত না। সবাই ভালো খেলেছে। পরের ম্যাচ কীভাবে ভালো করতে পারি, সবাই এই পরিকল্পনা করছে।’
দক্ষিণ আফ্রিকা সফরে এর আগে কখনো জিততে পারেনি বাংলাদেশ। এবারই প্রথম ওয়ানডেতে তিন সংস্করণ মিলিয়ে জয়খরা কাটিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ১–১ ব্যবধানে সমতায় থাকায় কাল শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ঝরল মিরাজের কণ্ঠে, ‘আমরা অবশ্যই আত্মবিশ্বাসী আছি। আমরা একটা জিতেছি, তারা একটা জিতেছে। আমাদের আত্মবিশ্বাস সবারই ভালো আছে...গুরুত্বপূর্ণ হলো রান করা। তাহলে আমরা গেমে থাকতে পারব। আত্মবিশ্বাস আছে, সবাই যদি দায়িত্বসহকারে খেলতে পারে, তাহলে রান করতে পারব।’