আমাদের সমর্থন দেওয়া চালিয়ে যান

দল ভালো করতে পারছে না। তবু মনোবল ধরে রাখছেন মাহমুদউল্লাহছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ আজ শেষ ওভারে ১৯ রান নিয়েছে। ওদিকে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ উইকেটে ছিলেন, বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৯ রান। শেষ বলে চার মারলেই জয়, এমন সমীকরণেও দলকে জেতাতে পারেননি মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ এখনো বিদায় নেয়নি। সূক্ষ্ম হিসাব–নিকাশ দিয়ে সেমিফাইনালের আশা এখনো করতে পারছে বাংলাদেশ। সে কারণেই সমর্থকদের সাহায্য চাইছেন অধিনায়ক।

সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। এখন শুধু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা বাকি। সে দুটো ম্যাচ জিতলেও বাংলাদেশকে অনেক যদি-কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে।

শেষ পর্যন্ত থেকেও ম্যাচটা জেতাতে পারেননি মাহমুদউল্লাহ
ছবি: এএফপি

মাহমুদউল্লাহ তাই সংবাদ সম্মেলনে এসে সেমিফাইনালের আশা ছেড়ে দেওয়ার কথা বলেন, ‘এখনো অনেক কিছু পাওয়ার আছে। সেমিফাইনালের আশা হয়তো ক্ষীণ হয়ে গেছে। দুইটা ম্যাচ আছে। যদি জিততে পারি, দলের জন্য ভালো কিছু হবে। চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই করছি। মাঠে শতভাগ দেওয়ার চেষ্টা করছি। ভুল হচ্ছে...দুইটা ম্যাচ জেতার চেষ্টা করব।’

শেষ দুই ম্যাচে জেতার আশা করছেন। সে সঙ্গে সেমিফাইনালের আশাও আছে। কিন্তু কাল যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে সে দুই ম্যাচের আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে।

সে ক্ষেত্রে শেষ দুই ম্যাচে খেলার অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমরা সম্মানের জন্য খেলব। আমরা চেষ্টা করছি, জয়ের জন্য কষ্ট করছি। আর দুটি ম্যাচ। এই দুই ম্যাচে আমাদের সর্বোচ্চ দেব।’

একের পর এক ম্যাচে হার। কোনো খেলাতেই আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারছেন না, তবু গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের আগ্রহের কমতি নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন মাহমুদউল্লাহ
ছবি: এএফপি

মাহমুদউল্লাহ সংযুক্ত আরব আমিরাতে এমন সমর্থন পেয়ে কৃতজ্ঞ, ‘আমরা খুবই হতাশ, কারণ আমরা সমর্থকদের আশা পূরণ করতে পারিনি। সব ম্যাচে আমাদের দারুণ সমর্থন দিয়েছেন তাঁরা। তাই, দয়া করে আমাদের সমর্থন দেওয়া চালিয়ে যান। আশা করি, কিছু জয় এনে দেব।’