‘আমাদের সময়ে তিন রিভিউ থাকলে টেন্ডুলকার এক লাখ রান করত’

২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রান করার পথে শচীন টেন্ডুলকার।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন যত যাচ্ছে, ক্রিকেট যেন ততই ব্যাটসম্যানবান্ধব হয়ে যাচ্ছে। বোলারদের প্রতি করছে বিমাতাসুলভ আচরণ। নিয়মিত ব্যাটিংবান্ধব পিচের দিকে ঝুঁকে পড়া, ফিল্ডিং করার সময় ব্যাটসম্যানদের সুবিধা দেখা, পাওয়ার প্লে—সবকিছুর আবিষ্কারই যেন হয়েছে ক্রিকেটে ব্যাটসম্যানদের আরও বেশি রান করতে দেখার জন্য।

এ সময়ের বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা বাবর আজম, কেইন উইলিয়ামসনরা নিঃসন্দেহে আগের যুগের ব্যাটসম্যানদের চেয়ে অনেক বেশি সুযোগ পান রান করার। এ সুযোগগুলো যদি আগের ব্যাটসম্যানরা পেতেন, তাহলে কী হতো? শোয়েব আখতার এ ক্ষেত্রে নিজের ধারণার ব্যাপারে একেবারে নিশ্চিত।

ক্যারিয়ারে গতির ফুলকি ছুটিয়েছেন শোয়েব আখতার
ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক এই পেসারের মনে হচ্ছে, ব্যাটসম্যানবান্ধব নিয়মগুলো আগের যুগে থাকলে শচীন টেন্ডুলকার অন্তত লাখখানেক রান করতেন! শোয়েবের চোখে সবচেয়ে বেশি পড়েছে ব্যাটসম্যানদের রিভিউ নেওয়ার বিষয়টা। এখন ব্যাট করা দল চাইলেই তিনবার রিভিউ নিতে পারে, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে।

টেন্ডুলকার-শোয়েবদের সময়ে যে নিয়ম ছিল না। থাকলে টেন্ডুলকার ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন বলে জানিয়েছেন শোয়েব। ইউটিউবে নিজের চ্যানেলে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপে শোয়েব বলেছেন এ কথা, ‘এখন দুবার নতুন বল নেওয়ার সুযোগ আছে। (বোলারদের জন্য) নিয়ম আরও কঠিন বানিয়ে ফেলা হয়েছে। এখন ব্যাটসম্যানদের প্রতি অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। তিনবার রিভিউ নেওয়ার সুযোগ দিচ্ছেন আপনারা। আমাদের সময় তিন রিভিউয়ের নিয়ম থাকলে শচীন এক লাখ রান করতেন।’

ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার।
ফাইল ছবি

টেন্ডুলকারের সামর্থ্য নিয়ে শোয়েব বরাবরই শ্রদ্ধাশীল ছিলেন, এই ভিডিওতে সেটারই প্রমাণ দেখা গিয়েছে আবার। শোয়েব নিজে তো টেন্ডুলকারের বিপক্ষে খেলেছেনই, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শেন ওয়ার্ন, ব্রেট লিদের মতো বোলারদের নিয়মিত মুখোমুখি হতে হতো টেন্ডুলকারকে। আর এটাই শোয়েবের চোখে ভারতের ব্যাটিং কিংবদন্তিকে অনতিক্রমণীয় উচ্চতায় উঠিয়ে দিয়েছে। ‘শচীনের জন্য মায়াই হয় আমার। কারণ, ক্যারিয়ারের শুরুতে তিনি ওয়াসিম, ওয়াকার, ওয়ার্নদের মতো বোলারদের বিপক্ষে খেলেছেন। এরপর শোয়েব আখতার, ব্রেট লি এল। পরবর্তী প্রজন্মের পেস তারকাদের মুখোমুখিও হয়েছেন তিনি। যে কারণে আমি তাঁকে অত্যন্ত কঠিন একজন ব্যাটসম্যান বলি’—শোয়েবের বিশ্লেষণ।

টেস্ট-ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাঁটায় কাঁটায় ১০০ বার শতক হাঁকিয়েছেন টেন্ডুলকার। শোয়েবের কথামতো, তাঁর সময়ে তিন রিভিউয়ের নিয়ম থাকলে শতকের শতক হাঁকানো টেন্ডুলকারের শতকসংখ্যা কোথায় গিয়ে থামত, কে জানে! তিন রিভিউ ছাড়াই অবশ্য লাখের কাছে না গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের রানসংখ্যা এখনো অন্য কারও ধরাছোঁয়ার বাইরে।

শোয়েব আখতার
ফাইল ছবি

টেস্টে ১৫৯২১, ওয়ানডেতে ১৮৪২৬ আর একটি টি-টোয়েন্টিতে ১০ রান মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৮২ ইনিংসে টেন্ডুলকারের রান ৩৪৩৫৭। বলা বাহুল্য, এটাই রেকর্ড। তালিকার দুই নম্বরে থাকা শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রান ৬৬৬ ইনিংসে ২৮০১৬। এখনো খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে টেন্ডুলকারের ‘ধারেকাছে’ আছেন শুধু বিরাট কোহলিই। ৫০৩ ইনিংসে ২৩৪৭৪ রান নিয়ে তালিকার সাত নম্বরে আছেন ৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। তালিকার সেরা ২৫-এ আর এখনো খেলতে থাকা কোনো ক্রিকেটার নেই, ২৬ নম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট (৩৮২ ইনিংসে ১৬৬০২ রান)।