আমাদের সামর্থ্য এতটুকু না: নাজমুল
তিন দিন বৃষ্টির দাপটের পর চতুর্থ দিন পাকিস্তান যখন ইনিংস ঘোষণা করল, ঢাকা টেস্টে আদতে সে অর্থে আর তেমন কিছু বাকি নেই বলে মনেই হতে পারে। তবে সে ম্যাচেই ছড়াল রোমাঞ্চ, যেটা মূলত বাংলাদেশ ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিলে সামিল হওয়ার কারণেই।
সাজিদ খানের অফ স্পিনের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পঞ্চম দিনে তাই শুরুতে থাকবে ফলোঅনের শঙ্কা, আজকের ব্যাটিংয়ের পুনরাবৃত্তির শঙ্কার সঙ্গে আছে ম্যাচ হারার চোখরাঙানিও!
বাংলাদেশ ব্যাটসম্যানদের আউটের ধরন দেখে মনে হবে, পিচে ঠিক সময় কাটাতে চাচ্ছেন না কেউ। সবাই মোটামুটি আউট হয়েছেন আগ বাড়িয়ে শট খেলতে গিয়ে।
৭৬ রানেই ৭ উইকেট—প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোরটা বিভীষিকাময় হয়েই আছে। তবে নাজমুল হোসেন এটিকে শুধু ‘খারাপ দিন’ হিসেবেই দেখতে চান। নিজেদের সামর্থ্য এর চেয়ে বেশি— সেটাও বলার চেষ্টা করলেন তিনি। বোলাররা আরেকটু কমের ভেতর পাকিস্তানকে আটকে রাখতে পারতেন, নাজমুল বলেছেন সেটাও।
নাজমুল নিজে আজ একটা জীবন পেয়েছেন নোমান আলী নো বল করায়। তবে সাজিদকে পেছনে গিয়ে খেলতে গিয়ে নিজের বিপদটা ডেকে এনেছেন। তাঁর রক্ষণে চিড় ধরেছে, হয়েছেন এলবিডব্লু।
যদিও ম্যাচ শেষে নাজমুল বলেছেন, রক্ষণের ওপর আস্থা থাকলেও উইকেট সহজ ছিল না, ‘(এখানে) শুধু ডিফেন্স করে করে সারা দিন পার করাটা কঠিন। (আর) সাথে শট খেললে ওদের আক্রমণামত্মক ফিল্ডিং সেটআপটা একটু ছড়িয়ে পড়ত। (তবে) আমার মনে হয় না কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।’
সাম্প্রতিক সময়ে দল হিসেবে বাংলাদেশের ধারাবাহিকতা বেড়েছে, নাজমুল বললেন এমনও, ‘আমরা এর থেকেও ভালো ক্রিকেট খেলেছি। আগের ২-৩টি ম্যাচে আমরা ৩০০-৪০০ রান করেছি, এমনকি শ্রীলঙ্কায় ৫০০-ও করেছি। আগের চেয়ে আমাদের ধারাবাহিকতা বেড়েছে। এমন নয় যে এই ম্যাচ বা গত ম্যাচের মতোই (সামর্থ্য)। আজকের দিনটা খারাপ ছিল, ভালো করতে পারিনি। তার মানে এই নয়, আমাদের সামর্থ্য এতটুকুই। আমরা এর থেকে বড় বড় রানও করে এসেছি।’
অবশ্য এ ম্যাচও এখনো হাত থেকে ফসকে যায়নি, সে আশাই করছেন বাংলাদেশ ব্যাটসম্যান, ‘কালকের শুরুটা গুরুত্বপূর্ণ। সাকিব (আল হাসান) ভাই ও তাইজুল (ইসলাম) ভাই যদি ভালো শুরু করতে পারে, তাহলে পরের ইনিংসের জন্য সুবিধা হবে। পরের ইনিংসে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। ভালো ব্যাটিং করতে পারলে অবশ্যই ম্যাচ বাঁচানো সম্ভব। অসম্ভব কিছু না। খেলায় হেরে গেছি, এ রকম কিছু না। এখান থেকে ম্যাচ বাঁচানো সম্ভব। ভালো অবস্থায় যেতে পারব না, এমন কিছু না।’