আমাদের সেরা খেলাটা এখনো বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভালোই যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন না। তবে এখন পর্যন্ত সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেটই খেলেছি। শুরুর দিকে তিনটা ম্যাচ থেকে আমরা ২ পয়েন্ট পেয়েছি, এটা সন্তোষজনক। এই তিন ম্যাচ থেকে আমাদের পয়েন্ট পাওয়ার সুযোগ একটু কম ছিল। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে অপেক্ষা করছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আমাদের সমমানের দল।

অনেকেই বলছে, গত ম্যাচে টসে জিতে কেন ব্যাটিং নিল না বাংলাদেশ। ওই উইকেটে আগে ব্যাটিং নিলে আমাদের সমস্যা হতো। ওই কন্ডিশনে ওদের বোলিং আক্রমণ সামলানো কঠিন হয়ে যেত। ঘরের মাঠে আমাদের কন্ডিশন যেমন হাতের তালুর মতো চেনা, ওদেরও তা-ই।

তবে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি আনতে হবে। আর আমি নিশ্চিত ফিল্ডিংয়ে উন্নতি হবে। এটা মানসিকতার ব্যাপার। আগের ম্যাচে যেই ফিল্ডিংটা হয়েছে, এমন ফিল্ডিং টিম বাংলাদেশ না। আর ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে যথেষ্ট ভুগতে হয়েছে। আমি নিশ্চিত শ্রীলঙ্কার সঙ্গে এমন কিছু হবে না। এই ইংল্যান্ডের বিপক্ষে ওদের ঘরের মাঠে খেলা যেকোনো দলের জন্যই কঠিন। এটাই স্বাভাবিক।

শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে, এ রকম চাপ নিয়ে খেলা কঠিন। আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। তাহলেই ফলটা পক্ষে আসবে। আগে থেকেই যদি চিন্তা করে রাখি আমাদের জিততেই হবে, এমন চাপ নিয়ে খেলে ফলাফল ভালো হওয়ার কথা না।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমি হলে রুবেলকে খেলাতাম। জানি না টিম ম্যানেজমেন্ট কীভাবে চিন্তা করবে। সাইফউদ্দিন উইকেট পাচ্ছে। কিন্তু কখন উইকেট পাচ্ছে সেটা দেখতে হবে, ওই উইকেটটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। একদম শুরুতে সাইফউদ্দিনের ওই রকম কোনো সার্ভিস পাওয়া যাচ্ছে না। আর যদি দলে পরিবর্তন না-ও হয়, তবু বাংলাদেশ দলের ভালো সুযোগ থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশের জন্য নতুন বলে পেসারদের জ্বলে ওঠা খুব দরকার। নতুন বলে মাশরাফি যদি ভালো করে, তাহলে দলের জন্যও ভালো। তখন স্পিনাররা মাঝের ওভারগুলোতে চাপ সৃষ্টি করতে পারবে। এখন স্পিনারদের পাওয়ার প্লেতে বল করতে হচ্ছে বলে মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষকে চেপে ধরতে পারছে না বাংলাদেশের। মাঝে সাকিব ও মিরাজের ২০ ওভার ব্যবহার করা গেলে আমাদের জেতার সম্ভাবনা বাড়বে।

আমাদের সেরা খেলোয়াড়দের এখনো অনেকে সর্বোচ্চটা দিতে পারছে না। তবু আমরা ভালো পারফর্ম করছি। টুর্নামেন্টের মাঝামাঝি এসে মনে হচ্ছে, এটা আমাদের দলের জন্য ভালো দিক। ওদের সেরা খেলাটা এখনো বাকি। আমাদের দল জেতে তখনই, যখন দলগত পারফরম্যান্স হয়।

তবে সাকিব আল হাসান খেলছে বড় খেলোয়াড়ের মতো। বড় ক্রিকেটার বড় জায়গায় পারফর্ম করবে, সাকিব সেটাই করছে। সে বারবার প্রমাণ করে যাচ্ছে সাকিব আসলেই বড় ক্রিকেটার। একটানা খুব বেশি খারাপ খেলেছে এমন উদাহরণ নেই। এটা আমাদের জন্য বিশাল পাওয়া।

একটা বিষয় লক্ষণীয়, এখন পর্যন্ত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দারুণ পারফর্ম করে আসছে ফিঙ্গার স্পিনাররা। সাকিব, মিরাজ, নবীরা রান থামাচ্ছে, উইকেটও নিচ্ছে। অথচ লেগ স্পিনার নিয়ে বিশ্বকাপের আগে অনেক মাতামাতি হয়েছে। আমরা লেগ স্পিনারের খোঁজে থাকতে থাকতে আমাদের যারা আছে তাদের গুরুত্ব দিচ্ছি না। যার ফলে আমরা এখন বাঁহাতি স্পিনারই খুঁজে পাচ্ছি না, যেখানে আমাদের বাঁহাতি স্পিনারদের পাইপলাইন খুবই সমৃদ্ধ ছিল। যা আমাদের নেই সেটা নিয়ে না ভাবলেও চলবে। আর লেগ স্পিনার আসলেই কি বাংলাদেশ বিশ্বকাপ শিরোপা জিতে যাবে? যদি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো লেগ স্পিনার থাকে, তাহলে ভালো। না থাকলে চিন্তা করার কিছু নেই। ভালো বল যেকোনো ব্যাটসম্যানের জন্য ভালো বল, সাকিব ও মিরাজরা এবারের বিশ্বকাপে সেটা প্রমাণ করে দিয়েছে।