আমার বন্ধু মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা শুরু হলো আজ
মাশরাফিকে নিয়ে যে কোত্থেকে, কীভাবে শুরু করি! এত দিনের সম্পর্ক, এত এত স্মৃতি...! মাশরাফি আমার বন্ধু, এটুকু বললে আসলে কিছুই বলা হয় না। আমি, মাশরাফি ও রাসেল (সৈয়দ রাসেল), আমাদের তিনজনের যে ঘনিষ্ঠতা, খুব কাছের বন্ধু বলেও আসলে সেটা পুরোপুরি বোঝানো যায় না। কোনো নামে বা পরিচয়ে আমাদের তিনজনের সম্পর্ককে বাঁধা যাবে না।
এখানে বলছি বিশ্বকাপ অধিনায়ক মাশরাফির কথা। চোখে ভাসছে গত বিশ্বকাপের দল ঘোষণার পরের ছবি। মাশরাফির মতো আমুদে একজনের চোখে যখন পানি আসে, কষ্টের তীব্রতা তাতেই স্পষ্ট হয়। ওর তখনকার কষ্টটা এখন আরও বেশি অনুভব করছি নিজেকে দিয়ে। বিশ্বকাপ খেলতে না পারার হতাশার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। আর সেটি তো ছিল দেশের মাটিতে বিশ্বকাপ! এমনিতে আমাদের আড্ডায় ক্রিকেট খুব একটা থাকে না। আমি শুধু ওকে বলেছিলাম, ‘হাল ছাড়িস না। ফিটনেসের কারণে যখন বাদ দিল, ফিটনেস নিয়েই লেগে থাক।’ হাসি-আড্ডা-মজায় চেষ্টা করেছি ওর কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দিতে। আবার এল বিশ্বকাপ, সেই মাশরাফিই অধিনায়ক! নিজে খেলতে পারছি না। কিন্তু ওর জন্য গর্ব হচ্ছে, আনন্দও!

মাশরাফি বিন মুর্তজা । অঙ্কন: মাসুক হেলাল
মাশরাফি বিন মুর্তজা । অঙ্কন: মাসুক হেলাল


ওর সঙ্গে আমার পরিচয় ১৯৯৯ বা ২০০০ সালে। তখনো আমি বিকেএসপিতে, প্রথম বিভাগ খেলতাম আজাদ স্পোর্টিংয়ে। সেবার মাশরাফিও এল। একদিন বিকেএসপিতে পরীক্ষা দিয়ে বিকেলে নেট করতে এলাম। তখন আমি ব্যাটসম্যান, ভালো পারফর্ম করছিলাম বলে দলেও বেশ দাপট। মোহামেডান ক্লাবের পাশে বালুর মাঠে আমাদের নেট। দেখলাম নতুন একটি ছেলে এসেছে। কংক্রিটের উইকেট, নেটে আমি কখনোই হেলমেট পরতাম না। প্রথম বল খেলতেই পারলাম না, সাঁই সাঁই করে বেরিয়ে গেল। ভাবলাম এমনিই হয়ে গেছে। পরের বলেও একই দশা। বুঝলাম, এটা অন্য জিনিস, হেলমেট পরলাম। সেদিনই পরিচয়। আস্তে আস্তে বন্ধুত্ব। ক্লাব ক্রিকেট, জাতীয় লিগ, জাতীয় দলে একসঙ্গে খেলতে খেলতে কখন আমরা সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছি, জানিও না।
ক্রিকেটার মাশরাফি আমার দেখা সবচেয়ে ‘স্মার্ট’ ক্রিকেটারদের একজন। সবাই ওকে ‘পাগলা’ ডাকে। কিন্তু আসলেই পাগলা ধরে নেওয়ার কারণ নেই। ও নিঃসন্দেহে সবচেয়ে সেরা ‘থিংকার’। ক্রিকেট-ভাবনা অসাধারণ, দারুণ স্বচ্ছ। খেলা নিয়ে ভাবে তো সবাই। কিন্তু ওর ভাবনা আমরা দেখেছি বেশির ভাগ সময়ই কাজে লেগে যায়। শুধু নিজের খেলা নিয়ে নয়, দল বা প্রতিপক্ষ, পুরো ম্যাচ নিয়েই। সব সময়ই বাস্তববোধসম্পন্ন। দারুণ পজিটিভ ক্রিকেটার, অসম্ভব সাহসী। বোলার হিসেবে খুবই চতুর। ব্যাটসম্যানকে পড়তে পারে খুব ভালো। দারুণ স্কিলফুল। এখানে আমি রাসেলকেও টানব। বন্ধু বলে বলছি না, ওদের দুজনের মতো স্কিলফুল পেসার আমি বাংলাদেশে আর দেখিনি।
এই স্কিলের সঙ্গে শুরুর সময়ের গতিটাও থাকলে বিশ্ব ক্রিকেটেই পেসার মাশরাফি থাকত অন্য উচ্চতায়। এখনকার চেয়ে দশ গুণ বেশি থাকত ওর অর্জন। কেন গতি ধরে রাখতে পারেনি, সেসব বলে নিঃশ্বাস ভারী করতে চাই না। সবাই জানে। শুধু বলি, এতগুলো অস্ত্রোপচারের পর যে এখনো খেলে যাচ্ছে, সে কারণেই ওকে নিত্য স্যালুট ঠুকতে হয়। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে সবার জন্যই অনুপ্রেরণা হতে পারে মাশরাফি। চোট, অস্ত্রোপচার তবু যেমন-তেমন, পুনর্বাসন-প্রক্রিয়া যে কী কঠিন, কেউ সেটি না করলে কল্পনাও করতে পারবে না। এই তো কদিন আগে আমি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরলাম। অমানুষিক পরিশ্রম, শারীরিক ও মানসিক। পুনর্বাসনে সবকিছু করতে হয় নিজে নিজে, নিয়ম মেনে। কম করা যাবে না, বেশিও না। বড্ড নিঃসঙ্গ, কষ্টকর সময়। সবচেয়ে খারাপ লাগে যখন পাশের মাঠেই খেলা হচ্ছে, কিন্তু আমি একাকী পুনর্বাসনে আছি। মনকে শক্ত রাখা যে কী কঠিন তখন! আর ভাবুন, মাশরাফিকে ক্যারিয়ারজুড়েই এসব করতে হয়েছে। বারবার...!
এবার সেটিরই একটা পুরস্কার পাচ্ছে ও। গত বিশ্বকাপের দলে না থেকে ভেবেছিল হয়তো সব শেষ। কিন্তু দেশের জন্য, ক্রিকেটের জন্য ও যা করেছে, সেটির প্রতিদানই হয়তো পেল এবার। অধিনায়ক মাশরাফির বড় প্লাস পয়েন্ট, দলের জুনিয়র-সিনিয়র সবার সঙ্গে ওর সম্পর্ক দারুণ। সবার সেরাটা বের করে আনতে পারে। আরেকটা বড় গুণ, সবার সঙ্গে অনেক কথা বলে। অধিনায়কের প্রতি সবার এই বিশ্বাস ও আস্থা থাকলে টিম স্পিরিটই হয় অন্য রকম।
এই বিশ্বকাপ নিয়ে বলতে গিয়ে ২০০৭ বিশ্বকাপ খুব মনে পড়ছে। আমি, মাশরাফি ও রাসেল মিলে কী যে মজা করেছিলাম। যে দ্বীপে যেতাম, এ মাথা থেকে ও মাথা চষে বেড়াতাম তিনজন। তিনজনেরই ফর্ম ভালো ছিল, দলও ভালো করছিল, দারুণ সময় কেটেছে। এবার আমি-রাসেল নেই, মাশরাফি আর দলের দিকে তাকিয়ে গোটা দেশ। বোলার মাশরাফি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ভালো করবেই। অধিনায়ক মাশরাফির সাফল্য অনেকটা নির্ভর করছে দলের ওপর।
ক্রিকেট প্রাপ্য অনেক কিছুই কেড়ে নিয়েছে মাশরাফির কাছ থেকে। এবার কিছুটা ফিরিয়ে দিয়েছে। আরও কিছু দিক না! অস্ট্রেলিয়া থেকে এমন হাসি নিয়ে ফিরুক, যাতে আড়াল হয়ে যাবে ক্যারিয়ারজুড়ে জমে ওঠা দুঃখ-পলি!