আমার হলো শুরু, তোমার হলো সারা
লোকের ঋদ্ধ শব্দভান্ডারের কারণে আমার নির্দিষ্ট কোনো নাম নেই। আমার নাম খুঁজে পাবেন ট্রাকের গায়ে লেখা ‘সমগ্র বাংলাদেশ...টন’–এ। কিংবা টিভিতে ‘সেঞ্চুরি টেইলার্স’–এর বিজ্ঞাপনে। মিলবে অঙ্ক বইয়েও, ‘তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা...।’ এই সেরেছে! ভণিতা বেশি হচ্ছে। এখন মানুষের সময় কম। যা বলার সরাসরি বলতে হয়। কিন্তু আমার জন্ম যে সময়, তখন পৃথিবীতে মানুষের সময় ছিল। লোকে পকেটের পয়সা খরচ করে ম্যাড়ম্যাড়ে ড্র টেস্টও আগ্রহ দিয়ে দেখত। এমন এক ড্র টেস্টেই আমার জন্ম।
আমি—কথাটা ঠিক পরিষ্কার নয়। আমার মতো এমন হাজারো আছে। কিন্তু আমি একজনের ক্যারিয়ারে একটি জায়গায় সব সময়ই বিশেষ কিছু হয়ে থাকব। তিনি আমার দুনিয়ার ‘ঈশ্বর’। মোটেও বাড়িয়ে বলছি না। তাঁর দেশের ক্রিকেটপাগলেরা তাঁকে এই নামেই ডেকে থাকেন। দেশের বাইরেও দু–একজন বলেছেন, ‘আমি ঈশ্বরকে দেখেছি, তিনি ভারতের হয়ে চারে ব্যাট করেন।’ এরপর তাঁর নামটা বলার কোনো প্রয়োজন দেখছি না।
সৌজন্যের খাতিরে তবু এতটুকু বলা যায়, ভারতে যে কারণে ‘ঈশ্বর’ তকমা পেয়েছেন, তার মধ্যে আমি একটি জায়গায় অনন্য, আমি তাঁর ‘প্রথম প্রেম।’ গভীরতর রূপক অর্থে তাঁর ‘এক শ প্রেমিকার প্রথমজন।’ শুধু প্রথম বলেই যে আমি বিশেষ ‘কেউ’, তা কিন্তু নয়। কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ সামলাতে এমন একের পর এক ‘প্রেম’–এর জন্ম দিয়েছেন আমার স্রষ্টা। দলের হার এড়াতে কিংবা জেতাতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে যে প্রেমগুলো, আমি সেখানেও প্রথম।
আমি শচীন টেন্ডুলকারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, টন কিংবা তিন অঙ্কের ইনিংস—যা–ই বলুন না কেন, নিজেকে আমি তাঁর ‘প্রথম প্রেম’ বলেই বিশ্বাস করি। কেন? কুমোরপাড়ায় গিয়ে চাকের ওপর কখনো মাটির বাসনপত্র গড়তে দেখেছেন? কুমোরের সেই আঙুল ও চোখের অপূর্ব সমন্বয়ের জায়গায় ১৭ বছর বয়সী টেন্ডুলকারের পেলব কবজি ও চোখ বসিয়ে আমাকে নিয়ে উইজডেনের কথাটা পড়ুন, ‘অপরিসীম পরিণতবোধের শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনী’।
কথাটা যেহেতু খটমটে, তাই ভেঙে বলাই ভালো।
৩১ বছর আগের ম্যানচেস্টার, ওল্ড ট্রাফোর্ড টেস্ট। ইংল্যান্ড সফরের আগেই সেবার ভাঙা–গড়ার মধ্য দিয়ে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট। বোর্ড প্রশাসনের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের দীর্ঘদিনের বিরোধ ছিল। নির্বাচক কমিটির প্রধান রাজ সিং দুঙ্গারপুর ভারতের ‘৯০ দশকের দল’ গড়তে সে বছরের (১৯৯০) শুরুর দিকে মোহাম্মদ আজহারউদ্দিনের কাঁধে নেতৃত্বভার চাপান। দলে নিয়ে আসেন অনিল কুম্বলে ও সঞ্জীব শর্মার মতো তরুণদের। টেন্ডুলকারের অভিষেক ঘটেছে আরও ১০ মাস আগে। কিন্তু প্রশ্ন উঠেছিল, উপমহাদেশে তাঁর প্রতিভার ছটা দেখা গেলেও ইংলিশ কন্ডিশনে কি সফল হবেন?
টেন্ডুলকারেরও সেবারই প্রথম ইংল্যান্ড সফর। ইংলিশরাও তাঁকে নিয়ে খুব আগ্রহী ছিল। সাহারা মরুভূমিতে হয়তো ‘ইগলু’ দেখা যেতে পারে, কিন্তু ১৭ বছর বয়সী টেস্ট ক্রিকেটার যে তার চেয়েও বিরল! এর মধ্যেই ৮টি টেস্ট খেলা হয়ে গেছে। নিউজিল্যান্ড সফরে নেপিয়ারে টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির সুযোগও হয়েছে হাতছাড়া। ইংল্যান্ড সফরে শুরুটা ভালো হলো না।
লর্ডসে প্রথম টেস্টে ৩৬ রানে জীবন পেয়ে ৩৩৩ করলেন গ্রাহাম গুচ। সেঞ্চুরি করলেন দ্বিতীয় ইনিংসেও। নমনীয় কবজিতে আজহারউদ্দিন ভারতের প্রথম ইনিংসে ১১১ বলে খেলেন ১২১ রানের ইনিংস—তখন অনেকের মতেই গত অর্ধশতাব্দীর মধ্যে ইংল্যান্ডে বিদেশি কোনো ব্যাটসম্যানের খেলা সেরা ইনিংস। দুই দল মিলিয়ে মোট ছয় সেঞ্চুরির সেই টেস্টে ভারত হারে ২৪৭ রানে। টেন্ডুলকার দুই ইনিংসে করলেন ১০ ও ২৭। প্রশ্নটা তাই থেকেই গেল—তাঁকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে না তো?
ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে রানের ফোয়ারা ছোটাল ইংল্যান্ড। সেই ইনিংসে গুচ পেলেন সিরিজে টানা তৃতীয় সেঞ্চুরির দেখা। ৫১৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডের উইকেট তখনো বেশ ভালো ছিল। ৯৩ রান করে আউট হন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সংগ্রহ তখন ৪ উইকেটে ২৪৬। ফলোঅনের শঙ্কা দেখা দেয়। ভারতের ব্যাটিং অর্ডারে তখন মড়ক লাগাটা নতুন কিছু নয়।
একটি উইকেট পড়লে হুড়মুড় করে আগেও ভেঙে পড়েছে ভারত। টেন্ডুলকার নেমে প্রথম স্কোরিং শট খেলতে ঘণ্টাখানেক সময় নেন। জড়তা ভাঙার পর রান তুলতে থাকেন টেমসের স্রোতস্বিনী জলধারার মতোই। সেই ইনিংসে আজহারউদ্দিনের ১৭৯ রানের মহাকাব্যের কাছে টেন্ডুলকারের ৬৮ ছিল অণুপদ্য। কিন্তু ওই ইনিংসটা তাঁর সামর্থ্যের প্রমাণও দিয়ে দেয়।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৪ উইকেটে ৩২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। শেষ দিনে মিনিট কুড়ি ব্যাটিংয়ের পর ভারতের সামনে জয়ের জন্য ৪০৮ রানের পাহাড় ছুড়ে দেন ইংল্যান্ড অধিনায়ক গুচ। ৮৫ থেকে ৯৫ ওভার তখনো বাকি দিনের খেলার। জয় দূরে থাক, প্রশ্ন ছিল ভারত এই ম্যাচ বাঁচাতে পারবে, নাকি তিন ম্যাচের সিরিজে এখানেই হার নিশ্চিত করবে?
উইকেট ততক্ষণে স্পিনবান্ধব। যদিও শুরুর কাজটা সেরে ফেলেন পেসাররা। অ্যাঙ্গেস ফ্রেজার, ডেভন ম্যালকম ও ক্রিস লুইস মিলে ভারতের টপ অর্ডার তুলে নেন। ৪ উইকেটে ১০৯ রান তুলে তখন ধুঁকছে ভারত। টেন্ডুলকার এ সময় নামেন। এরপর হিচককের থ্রিলারের মতো গড়িয়েছে ইনিংস। প্রতিটি ওভার, প্রতিটি মুহূর্তে সাসপেন্স—ভারত ম্যাচ বাঁচাতে পারবে, টেন্ডুলকার সেঞ্চুরি পাবে?
কারণ, প্রথম ইনিংসের মতো টেন্ডুলকার জড়তা ভাঙতে সময় নেননি। এই ইনিংসে কিছু একটা করতে তিনি যেন প্রস্তুত ছিলেন! শুরু থেকেই আক্রমণাত্মক। ইংলিশ স্পিনার এডি হেমিংসকে উড়িয়ে মেরে তাঁর লেংথ আলগা করেছেন। ফিল্ডাররা সামনে থাকতে খেলেছেন ‘চিপ’ শট, বাউন্ডারি সীমানায় গেলে নিয়েছেন এক–দুই করে। বুদ্ধিদীপ্ত ও স্ট্রোকের পসরা সাজানো ব্যাটিং।
মনোজ প্রভাকরের সঙ্গে ১৬০ রানের জুটি গড়ে ম্যাচ ড্র করেছিলেন টেন্ডুলকার। প্রভাকর পরে জানিয়েছিলেন, তিনি সিনিয়র হলেও ব্যাটিংয়ের সময় টেন্ডুলকার তাঁকে নানা রকম পরামর্শ দিয়েছেন। ইউটিউবে সেই ইনিংসের ভিডিও আছে। ১৭ বছর ১১২ দিন বয়সে সেঞ্চুরি করা টেন্ডুলকারের সেই ইনিংসে কি শট ছিল না! কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ব্যাক ফুট পাঞ্চ থেকে হুক ও পুল—সবই ছিল। ১৭ চারে ১৮৯ বলে টেন্ডুলকার অপরাজিত ছিলেন ১১৯ রানে—এই তো ‘আমি’—আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের প্রথম সেঞ্চুরি।
আজ আমার জন্মদিন।
দিনটা বিশেষ বলেই এই স্মৃতিচারণা। অবশ্য আরও একটি কারণ আছে। ৪২ বছর আগে সেই ইংল্যান্ডেই শেষবারের মতো ব্যাটিংয়ে নেমেছিলেন আমার স্রস্টারই পূর্বসূরি—যিনি একবার বলেছিলেন, ‘ছেলেটা আমার মতো ব্যাট করে।’ ১৯৪৮, ওভাল টেস্ট। তিনি ব্যাটিংয়ে নামার পর টুপিখোলা সংবর্ধনা দিয়েছিল নরমান ইয়ার্ডলির ইংল্যান্ড। ব্যাটিংয়ে নামার পর সবার প্রতীক্ষা ছিল আর মাত্র ৪টি রান করলেই পূর্ণতা পাবে তাঁর ম্যাজিক গড়। সেদিন তিনিও খুঁজছিলেন আমার মতোই এক ‘প্রেমিকা’কে—১০০ গড়। কিন্তু ক্রিকেট ভেবেছিল অন্য কিছু। এরিক হোলিসের হাত থেকে বের হলো টেস্ট ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বিখ্যাত গুগলি—স্যার ডন ব্র্যাডম্যান তাতে বোল্ড হয়ে জন্ম দিলেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে আলোচিত শূন্য রানের ইনিংসেরও।
সেটাও এই আজকের দিনেই—উত্তরসূরির ‘প্রথম প্রেম’ এবং পূর্বসূরির ‘শেষ দান।’