আমি আগেই জানতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসান: উইকেট পাওয়ার আনন্দে l ফাইল ছবি
আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসান: উইকেট পাওয়ার আনন্দে l ফাইল ছবি
কদিন আগে তাঁর রেকর্ডই ভেঙেছেন সাকিব। তাতে কোনো দুঃখ নেই আবদুর রাজ্জাকের। একদিন এমনই হবে, এটা যে তিনি আগেই জানতেন!

প্রথম দেখার কথাটা আবছাভাবে মনে হছে। তবে প্রথম কবে সাকিবের নাম শুনেছিলাম, সেটি এখন আর ঠিক ওইভাবে বলতে পারব না। বিকেএসপি থেকে আমি বেরিয়ে আসার পর ওদের ব্যাচটা শুরু করেছে। ফলে ওখানে দেখা হয়নি ওর সঙ্গে।

প্রথম দেখা সম্ভবত ২০০৫ সালের দিকেই হবে। অনেকের মুখেই শুনছিলাম, অনূর্ধ্ব-১৯ দলে সাকিব আল হাসান নামের একজন খেলোয়াড় আছে। অলরাউন্ডার, বেশ ভালো। তারপর ২০০৬ সালের ঢাকা প্রিমিয়ার লিগে আমি সেই ছেলেটাকে ভালো করে দেখলাম। নতুন খেলোয়াড়দের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, দেখার পর অনেকের কথাই বাড়াবাড়ি মনে হয়। তবে সাকিবকে প্রথম দেখার পরই আমার মনে হয়েছিল, এ ছেলেটা ভালো করবে। মনে আছে, ও যখন জাতীয় দলে এল, কয়েকটা ম্যাচ খেলল, আমি-মাশরাফি দুজন বলাবলি করতাম, এই ছেলেটা অনেক দূর যাবে। তখনো কিন্তু সে খুব বেশি কিছু করেনি। তবু ওর মধ্যে হয়তো আমরা দুজন অন্য কিছু দেখেছিলাম।

আমাদের ভুল হয়নি। সাকিব আল হাসান এখন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক। ওয়ানডের রেকর্ডটা আবার গড়েছে আমাকেই পেছনে ফেলে! কিন্তু সত্যি বলতে, আমার একটুও খারাপ লাগছে না। বরং ভালো লাগছে। কারণ, আমি অনেক দিন আগে থেকেই জানতাম, এ রেকর্ডটা একদিন সাকিবের হবে। এটাও জানি, সাকিব এই রেকর্ডটা যে জায়গায় রেখে যাবে, সেটা ভাঙা খুব কঠিন হবে অন্য কারও জন্য।

মনে আছে, ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো। জাতীয় দলের হয়ে আমরা ওই প্রথম একসঙ্গে খেললাম। ওই সময় রফিক ভাইও ছিলেন। তিনজনই বাঁহাতি স্পিনার, তবে আমাদের তিনজনের ধরন ছিল আলাদা। তাই ব্যাপারটা কখনো একঘেয়ে হয়ে যায়নি। আমরা তিনজনই একে অন্যকে সাহায্য করতাম, পরামর্শ দিতাম। অনেক সময় দেখা গেল, আমি আগে বোলিংয়ে এসেছি, সাকিব পরে। তো আমি তখন সাকিবকে বললাম যে উইকেট এই ধরনের, এভাবে করলে মনে হয় ভালো হবে। আবার হয়তো দেখা গেল রফিক ভাই বা সাকিব আগে বোলিংয়ে এল, তখন তারা আমাকে বলল যে, এইভাবে করতে হবে। শুরু থেকেই আমার আর সাকিবের বোঝাপড়াটা ভালোই ছিল।

প্রায় বছর দশেক আমরা একসঙ্গে খেলেছি জাতীয় দলে। এক শটার ওপরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও প্রায় ৪০টা ম্যাচ হবে। শুরু থেকেই যেটা মনে হয়েছে, সাকিব খুব স্মার্ট ক্রিকেটার। ও জানত, ওর দায়িত্ব কী, কী করতে হবে। দায়িত্ব নিতে জানত। এটাই ওকে ওর সময়ের অনেকের চেয়ে এগিয়ে দিয়েছে। বোলার হিসেবেও সে খুবই বুদ্ধিমান। শুধু লাইন-লেন্থ ঠিক রাখা নয়, পরিস্থিতি বুঝে বল করতে জানে। গতির তারতম্য করতে পারে বেশ ভালো। বোলার হিসেবে যেটা ওর বড় শক্তির জায়গা।

প্রায় ১০ বছরের ক্যারিয়ারে ওর বিবর্তনটাও মুগ্ধ করেছে আমাকে। স্মার্ট তো ও শুরু থেকেই। তবে একই সঙ্গে দেশে-বিদেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে সে আরও পরিণত হয়েছে। এর ফলে যেটা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে পড়ে ও চাপ সামলানো শিখেছে। বড় ম্যাচে কিংবা স্নায়ুচাপের মুহূর্তগুলোতে কীভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে হয়, সেটা আয়ত্ত করেছে। এটা ওর শক্তির জায়গা হয়ে উঠেছে। এই ব্যাপারগুলো ওর সাফল্যেও বড় ভূমিকা রেখেছে।

আরেকটা ভালো দিক ওর আছে। খেলোয়াড় সাকিব যতটা আত্মবিশ্বাসী, ততটাই আত্মবিশ্বাসী সে মানুষ হিসেবে। আমি জানি, মানুষ হিসেবে অনেক সময় ওকে ভুল বোঝা হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়, সাকিব নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, ওর কাছে অনেকের অনেক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। ওকে একা এই সবকিছু সামলাতে হয়। তো সেটা করতে গিয়ে সে হয়তো অনেক সময় কিছু ভুল-বোঝাবুঝির শিকার হয়েছে। কিন্তু মানবীয় গুণাবলির দিক থেকে ওর কখনোই কোনো ঘাটতি ছিল বলে মনে হয়নি আমার।

আশা করছি, সাকিবের এই সাফল্য অব্যাহত থাকবে, আরও অনেক দিন খেলবে বাংলাদেশের হয়ে। নিজেকে ছাড়িয়ে যাবে, আরও অনেক ম্যাচ জেতাবে বাংলাদেশকে।