আমি আছি আমার মতোই, বলছেন মুমিনুল

অচলায়তনটা ভাঙলেন শেষ পর্যন্ত মুমিনুল হকই। বিপিএলের সিলেট-পর্বে যে ১০টা ফিফটি হয়েছে, সবগুলোই এসেছে বিদেশি ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এবার প্রথম ফিফটি এসেছে মুমিনুলের কাছ থেকে, যিনি কিনা সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন উপেক্ষিত।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসটা আরেকবার দুর্দান্ত মুমিনুলকে পরিচয় করিয়ে দিল। বাংলাদেশ দলের বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যানের গায়ে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা লেগে আছে অনেক দিন ধরেই। সীমিত ওভারের ক্রিকেটে তিনি বাংলাদেশ দলে উপেক্ষিত ২০১৫ বিশ্বকাপের পর থেকে। যদিও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে রাখা হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। কিন্তু সুযোগ দেওয়া হয়নি একটি ম্যাচেও।
একটি নির্দিষ্ট সংস্করণের বাইরেও যে ভালো খেলতে পারেন, সেটি আরেকবার প্রমাণের প্রতিজ্ঞা নিয়েই কি খেলছেন মুমিনুল? সংবাদ সম্মেলনে রাজশাহী কিংসের বাঁহাতি ওপেনারের মুখে লাজুক হাসি, ‘আমার তো মনে হয় আমি আছি আমার মতোই। না, অমন কিছু না। ৪০-৫০ রান করা, সব আসলে নির্ভর করে নিজের ওপরে। আপনি যেভাবে লক্ষ্য ঠিক করেন আর কী! যদি মনে হয়, না, আপনার উন্নতির দরকার, অভ্যাস করা উচিত ৪০-৫০ রান করে আউট না হয়ে শেষ করে আসা। তাহলে অনেক কিছুই শিখবেন। আমি সেটাই চেষ্টা করছি।’
বাংলাদেশ ক্রিকেটে ‘ওপেন সিক্রেট’, মুমিনুলকে একটি নির্দিষ্ট সংস্করণে আটকে রাখার পেছনে বড় ভূমিকা কোচ চন্ডিকা হাথুরুসিংহের। কাকতালীয়ভাবে মুমিনুলের ব্যাট কথা বলেছে হাথুরুর পদত্যাগের খবর প্রকাশের দুই দিন পর! প্রসঙ্গটা উঠতেই মুমিনুলের মুখে আবারও হাসি, ‘এটা এড়িয়ে যাওয়া ভালো। আমি এখনো নিশ্চিত নই বিষয়টি নিয়ে। এটা বোর্ড ও কোচের ব্যাপার।’
গত বিপিএলেও মুমিনুলের শুরুটা হয়েছিল ভালো। টুর্নামেন্টের মাঝে যদিও কিছুটা ছন্দপতন হয়েছিল। তবু ১৫ ম্যাচে ৩ ফিফটিতে ২২.০৬ গড়ে ১০৮.১৬ স্ট্রাইক রেটে ৩৩১ রান করে ছিলেন শীর্ষ দশে। গতবারের চেয়ে এবার বিপিএলেও আরও ভালো করার লক্ষ্য মুমিনুলের, ‘গত বছর আমার স্ট্রাইকরেট ভালো ছিল না। এবারও যদি সেটা থাকে, তাহলে বলতে হবে আমার উন্নতি হচ্ছে না। স্ট্রাইকরেটটা আরও ভালো করার চেষ্টার করছি।’
আক্রমণাত্মক ব্যাটিংয়ে যে মুমিনুল জোর দিচ্ছেন, সেটি তাঁর কথাতেই পরিষ্কার। এ-ও বোঝা যাচ্ছে গা থেকে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমাটা ঝেড়ে ফেলতে উন্মুখ এই বাঁহাতি ব্যাটসম্যান!