আমি খলনায়ক নই, বললেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব সমালোচনা কেন তাঁকে নিয়ে, প্রশ্ন মিসবাহর। ছবি: এএফপি
সব সমালোচনা কেন তাঁকে নিয়ে, প্রশ্ন মিসবাহর। ছবি: এএফপি

মিসবাহ উল হক এখন যেন পাকিস্তান ক্রিকেটের ‘নন্দ ঘোষ’! পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচকদের তির তাক করা মিসবাহর দিকে। তবে এ নিয়ে কখনো খুব একটা প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু এ বিদায়ক্ষণে চেপে রাখা কিছু ক্ষোভ উগরে দিলেন মিসবাহ।
এ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। দলের ব্যর্থতা নিয়ে সমালোচনাও হয়েছে ঢের। সাধারণ দর্শক-সমর্থক থেকে শুরু করে সাবেক পাকিস্তানি খেলোয়াড়দের কেউই এমন বিদায় মেনে নিতে পারেনি। তবে সমালোচনার মাত্রাটা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট দল থেকে সদ্যই ‘সাবেক’ হওয়া মিসবাহ। অভিযোগের পাল্টা তির তাঁর পূর্বসূরিদের দিকে, ‘আমার মনে হয় ইদানীং সবাই ক্রিকেট বোদ্ধা হয়ে গেছেন। যাঁর কাজের একটু অভাব, সে-ই টেলিভিশনে এসে “ক্রিকেট বোদ্ধা’ সেজে বসছেন। টেলিভিশনে এসে কখন কি বলা উচিত এ বিষয়েই তো তাঁদের কোনো জ্ঞান নেই। আমার মনে হয় পাকিস্তানি গণমাধ্যমের উচিত টেলিভিশনের টক শো’এর ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করা উচিত।’ সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের ‘ভাষা জ্ঞানে’ মিসবাহ যে ভীষণ কষ্ট পেয়েছেন, সেটিও জানাতে তোলেননি উপস্থিত সাংবাদিকদের।
ধীর গতির ব্যাটিংয়ের কারণে কম অপবাদ সইতে হয়নি তাঁকে। সমালোচকেরা নামই দিয়েছিল ‘টুক টুক’-গতির রিকশা! রক্ষণাত্মক অধিনায়কত্বের কারণেও শুনেছেন নানা সমালোচনা। সংবাদমাধ্যমের আচরণেও হতাশ মিসবাহ। সব দোষ তাঁর ওপর চাপানো হয়েছে। বললেন, ‘সব কিছুর জন্যই আমাকে দোষী বানানো হচ্ছিল। যখন আমার দল ব্যাটিংয়ে খারাপ করেছে, মিডিয়া দোষ দিয়েছে আমাকে। যখন কেউ বোলিং কিংবা ফিল্ডিংয়েও খারাপ করেছে, তখনো মিডিয়া আমাকেই দোষ দিয়েছে।’
নিন্দুকদের মুখেই প্রশংসাও শুনেছেন মিসবাহ! প্রথম দুই ম্যাচে হারের পর তাঁর প্রতি আক্রমণের ফনা তুলছিল যাঁরা, তাঁরাই আবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন টানা চার ম্যাচ জয়ের পর। অনেকেই ৯২ ’র স্মৃতি ফিরিয়ে নিয়ে আসছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর প্রশংসায় পঞ্চমুখরাই আবারও সমালোচনায় লিপ্ত। ব্যাপারটা কৌতুককরই মনে হচ্ছে মিসবাহর কাছে। তাঁর দুঃখ একটাই, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়টাকে স্মরণীয় করে রাখতে পারলেন না। সুখকর হলো না তাঁর শেষটা।
সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানের কোচ ওয়াকার শঙ্কা জানিয়েছেন নিজ দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। বলেছেন ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই। তরুণেরা উৎসাহিত হচ্ছে না ক্রিকেটার হতে। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারই দেখেছেন সাবেক এই ফাস্ট বোলার।
ওয়াকারের মন্তব্যও উঠল মিসবাহ’র সংবাদ সম্মেলনে। সোজা সাপটাই বলেছেন, ‘এ জন্য নিশ্চয়ই আমি দায়ী নই। আমি শ্রীলঙ্কার টিম বাসে হামলা করিনি। আমার জন্য তো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়নি! সব কিছুর জন্যই আমাকে দোষ দেওয়া কেন? মিসবাহর কণ্ঠে যেন একরাশ অভিমান আর ক্ষোভ! তথ্যসূত্র: এএফপি।