আমি চট্টগ্রাম টেস্টের উইকেট বলছি
>

আলোচনায় চট্টগ্রাম টেস্টের উইকেট। দুই দলের ড্রেসিংরুম, ধারাভাষ্য কক্ষ থেকে প্রেসবক্স। ম্যাচ শেষে তারেক মাহমুদ খুব কাছে গিয়ে যেন শুনতে চাইলেন, যেটি নিয়ে এত আলোচনা, সেই চট্টগ্রাম টেস্টের উইকেট নিজে কী বলছে
সংবাদ সম্মেলনে যাওয়ার সময় আমার ওপর দুদণ্ড দাঁড়াল মুশফিকুর রহিম। ঠিক যেখানটায় দাঁড়িয়ে কাল আউট হয়েছিল। সেখানে এসে হাত উঁচিয়ে তোলার ভঙ্গি করে আরেকবার যেন দেখতে চাইল হঠাৎ লাফিয়ে ওঠা ওই বলে কীভাবে উঠেছিল ক্যাচটা। মনটা খুব খারাপ হয়ে গেল তখন। আমাকে নিয়ে আজ এত আলোচনা, এত প্রশংসা; অথচ আমিই কিনা দুঃখের কাঁটা হয়ে বিঁধে রইলাম মুশফিকের বুকে!
বিশ্বাস করুন, আমি আসলে ও রকম ছিলাম না। অন্তত আজ যে টেস্টটা শেষ হলো, তাতে আমার নিবেদন ছিল শুধুই মুশফিকদের জন্য। অনুশীলনে এসে আমার আশপাশে দাঁড়িয়ে কোচ-খেলোয়াড়েরা অনেক কথা বলেন। সেসব আমার কানে আসে। আমি জানতাম, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমাকে তারা কী রূপে দেখতে চেয়েছিল। আমি সাকিব-মেহেদীদের বলগুলোকে সাপের মতো বাঁক খাওয়াব, আমার বুকে দাঁড়িয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ধুঁকে ধুঁকে মরবে।
এমনও শুনেছি, মুশফিক আমার কাছ থেকে এত বেশি টার্ন চেয়েছিল, টেস্টটা তিন দিনে শেষ হয়ে গেলেও ক্ষতি নেই। বাংলাদেশেরও তাতে ভয়ের কারণ ছিল। এই উইকেটে তো ইংলিশ স্পিনারদের খেলতে হবে তাঁদেরও। কিন্তু অধিনায়ক ভয় পাননি। তাঁর সাহস আমাকে মুগ্ধ করেছে। নিজের দলের স্পিনারদের প্রতি মুশফিকের আস্থা আমাকে অবাক করেছে। তখনই সিদ্ধান্ত নেই, এই ছেলেগুলোর জন্য সবকিছু উজাড় করে দেব। তারা যা চাইবে, তা–ই দেব। আমি বাংলার মাটি। বিশ্বাসঘাতকতা করব না।
যার হাতের কারুকাজে আমি হয়ে উঠি ক্রিকেট উপভোগের মঞ্চ; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই কিউরেটর জাহিদ রেজা অনেক পরিশ্রম করেছে আমাকে নিয়ে। শুনেছি, আজ থেকে মাস খানেক আগেই তাঁকে টার্নিং উইকেটের কথা বলে দিয়েছিল মুশফিক আর কোচ চণ্ডিকা হাথরুসিংহে। তাঁদের ইচ্ছা পূরণে এমন কিছু নেই জাহিদ করেননি।
ও প্রথমে আমার ওপর থেকে সব ঘাস কেটে ফেলল। আমার বুকে মিশে ছিল শুধু ঘাসের গোড়াটুকুন। এই কাজ সে নিয়মিত করে গেছে। আমার গায়ে ঘাসদের বাড়তে দেয়নি। মাটির সৌন্দর্য সবুজ। সেই সবুজই আমরা গা থেকে হারিয়ে যাচ্ছে বলে প্রথমে একটু খারাপ লাগছিল। পরে মনে হলো, আমার একটু অসুন্দর হওয়ায় যদি ক্রিকেটের সৌন্দর্য বাড়ে, সাকিব-মেহেদীদের বাঁক খাওয়ানো বলগুলো যদি আরও শিল্পিত হয়ে ওঠে, হলাম না হয় আমি অসুন্দর।

জানেন, জাহিদ আমাকে এই কয়টা দিন ঠিকমতো পানিও পান করায়নি। বেশি পানি পেলে যে আমি শুকনো ঝুরঝুরে হয়ে উঠতে পারব না। আমার গায়ে মিশে থাকা ঘাসগুলো জোর পাবে। তখন আমি টার্ন দিতে পারব না স্পিনারদের। পিঠের দুই ইঞ্চি মতো নিচে পানি থাকবে, সাধারণত সেভাবেই আমার ওপর পানি ছিটানো হয়। কিন্তু জাহিদ চাইল পানিটা যেন অন্তত চার ইঞ্চি নিচে থাকে। তবে আমাকে সতেজ রাখতে দিনের শেষে একবার করে পানি স্প্রে করত তার লোকেরা।
এ নিয়ে কিউরেটরের ওপর মাঝেমধ্যে অনেক মেজাজ খারাপ হতো। ‘নেইল’ দিয়ে আমার গা ফুটো করে পানি মাপত জাহিদ। এর চেয়ে বিছুটির কামড়ও অনেক ভালো। তবুও কিছু বলিনি। দেশের জন্য তো আমার এত যন্ত্রণা।
জাহিদের এত পরিশ্রমের ফসল, টেস্টের পঞ্চম দিনেও আমি ভাঙলাম না। আমার গা থেকে ধুলো উড়ল না। আমার এত প্রশংসার কারণ সেটাই। রোমাঞ্চে ভরা একটা টেস্ট উপহার দিতে পারার এটাই হলো রহস্য। কিউরেটরকে সেদিন বলতে শুনেছি, আমার নিচে থাকা ঘাসের শিকড়গুলোর বন্ধন নাকি খুব ভালো। সে কারণেই পাঁচ দিন খেলা হওয়ার পরও আমি একই রকম থাকতে পেরেছি।
মনে আছে নিশ্চয়ই, সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির ঝাপটার মধ্যেও আমাকে কী দারুণ শুকনো রেখেছিল জাহিদ। টানা আড়াই দিন বৃষ্টির পরও খেলা শুরু হলো ঠিক সময়ে। আমি নিজেও অবাক হয়েছিলাম। বৃষ্টির সময় কাভারে ঢাকা থাকলেও ম্যাচের আগের দিন তো একটু রোল-টোল করতে হয়! সেটাও হয়নি এবার।
পরে বুঝেছি কীভাবে সেটা সম্ভব হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস জেনে বৃষ্টির আগেই জাহিদ আর তার সঙ্গীরা মিলে আমাকে ম্যাচের জন্য প্রস্তুত করে রেখেছিল। ঘাস ছাঁটা, রোল করা সব আগেই শেষ। কাভার ওঠানোর পর তাই আর দেরি হয়নি। ক্রিকেটকে আহ্বান জানাতে আমি যে আগে থেকেই তৈরি! যে প্রস্তুতি শুরু এক মাস আগেই।
কিন্তু লাভ হলো? যে আশায় এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করলাম; তা পূরণ হলো না! স্বপ্ন জাগিয়েও দেশ নীল হলো স্বপ্নভঙ্গের বেদনায়। সান্ত্বনা একটাই, সবাই অন্তত এটা জেনেছে, ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেও আমাদের ছেলেরা ইংল্যান্ডের মতো দলকে কাঁপিয়ে দিতে পারে। তাদের ছায়া বুকে নিয়ে আমি আজ অভূতপূর্ব এক টেস্টের রাজসাক্ষী।
টেস্ট শেষে দূর থেকে দেখেছি, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে কিউরেটরকে ডেকে আমার অনেক প্রশংসা করছেন। সংবাদ সম্মেলনে মুশফিকও আমাকে নিয়ে ভালো ভালো কথা বলেছে। এদের মনটা কত বড়! আমি বা আমার মতো মিরপুর, ফতুল্লায় আরও যারা আছে...বেশির ভাগ সময় তো আমরা খেলোয়াড়দের জন্য কিছুই করতে পারি না। সারা বছর অনুশীলন করে খেলার দিন তারা আমাদের অন্য রূপ দেখে মন খারাপ করে ফেলে। বাংলাদেশের জল-হাওয়া খেয়ে এই একটা টেস্টেই তো যা একটু দিতে পারলাম ওদের! মুশফিক তো বললই, এই প্রথম ওরা দেশের মাটিতে প্রত্যাশামতো উইকেট পেল।
প্রথমে লজ্জা পেয়েছিলাম কথাটা শুনে। পরে মনে হলো, এখান থেকেই না হয় শুরু হোক! সব দেশ নিজের মাঠে উইকেটের সুবিধা নেয়। ছোটমুখে বড় কথা বলতে নেই, আশপাশের দেশগুলো কখনো কখনো লজ্জার মাথা খেয়ে ভয়ংকর সব উইকেট বানায় নিজের স্বার্থে। অথচ আমরাই যেন অতিথিপরায়ণতার চরম নিদর্শন দেখাই।
মুশফিক, তোমাকে ধন্যবাদ। তুমি আমার চোখ খুলে দিলে। জীবনটা ধন্য করলে তুমি। আমার এই খোলা চোখে এবার বাকিরাও একটু দেখুক!