আমি জটিল করে ভাবি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

অবশেষে টুর্নামেন্টের আসল মজাটা শুরু হচ্ছে। আমার অনুভূতি সবচেয়ে ভালো করে বোঝাতে পারে দুটি শব্দ—স্বস্তি ও রোমাঞ্চ। এসসিজিতে ৪৫ হাজার দর্শকের সামনে মাঠে নামার কথা ভাবতেই শিহরণ জাগছে। এটি আরও একবার মনে করিয়ে দিয়েছে, আমরা কতটা সৌভাগ্যবান যে রোমাঞ্চকর এই খেলাটাই আমাদের পেশা!
হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার বাসে ওঠার আগ পর্যন্ত ম্যাচ নিয়ে খুব বেশি ভাবার কিছু দেখছি না আমি। প্রস্তুতি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কোচিং স্টাফ আর বিশ্লেষক দলকেও তো কিছু করতে হবে! ক্রিকেটারদের ওসবে হস্তক্ষেপ না থাকাই ভালো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যথেষ্ট বিশ্রাম ও নির্ভার থাকা। গ্রুপ পর্বের ম্যাচের জন্য সিডনিতে এসে কুগি ও বন্ডি সৈকতে ঘুরতে গিয়েছিলাম। কাল গেলাম বিখ্যাত ম্যানলি সৈকতে। দারুণ!
আমি জানি ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা কখনো বিশ্বকাপে নকআউট ম্যাচ জিততে পারেনি। সংবাদমাধ্যমের জন্য এটি দারুণ শিরোনাম। হাজারো লেখক আর রিপোর্টার নিশ্চয়ই লাখ লাখ কারণ বের করে ফেলেছে কেন আমরা জিতিনি। তবে ওসব নিয়ে আমার ভাবনা সামান্যই। এতটুকুও প্রভাবিত নই। আমি সবকিছুই সহজ-স্বাভাবিক ভাবতে ও রাখতে চেষ্টা করি। আমার কাছে খুঁটিনাটি বিশ্লেষণ বা কাটাছেঁড়া হলো কোনো ব্যাটসম্যানের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা, বিভিন্ন পরিস্থিতিতে তাদের শট খেলার সামর্থ্য এবং সে অনুযায়ী লাইন-লেংথ ঠিক করা—এই তো! এসব নিয়ে খুব বেশি ভাবা বরং চিন্তাভাবনাকে গুলিয়ে ফেলে ও জটিল করে তোলে। আমি ফাঁকা মাথায় মাঠে নামতেই পছন্দ করি।
এ ধরনের লম্বা টুর্নামেন্টের একটা সমস্যা হলো, নেটে অনেকটা সময় কাটাতে হয়। আবারও বলছি, অনুশীলন আর প্রস্তুতির প্রয়োজনীয়তা আমি বুঝি। কিন্তু পায়ে প্যাড গলিয়ে বসে থাকা এবং আধ ঘণ্টা ব্যাটিং করার চেয়ে পুরো দমে ছুটে গিয়ে গোটা ছয় ওভার বোলিং করার মধ্যে পার্থক্য অনেক! আমার জন্য অবশ্য এর চেয়েও বেশি ক্লান্তিকর নেট অনুশীলনের আবহ, পরিবেশ। নেট আমার কাছে মনে হয় ‘ফাঁদ’, খুব বেশি উপভোগ করি না।
শ্রীলঙ্কা দারুণ দল। দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, ম্যাথুসের মতো ম্যাচ উইনার আছে। মালিঙ্গা পুরোপুরি ফিট নয়, তার পরও দুর্দান্ত। ব্যথা মাড়িয়ে খেলছে, এতেই বোঝা যায় সে কত বড় চ্যাম্পিয়ন ক্রিকেটার! তবে সব দলের সব ক্রিকেটারই বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগটি দারুণভাবে কাজে লাগাতে চায়। আমরাও।
তো, শুরু হোক মাঠের লড়াই! (গেমপ্ল্যান)