আমি ফেসবুক দেখি না, বললেন আফ্রিদি

একটা সময় ক্রিকেটাররা মনোযোগ সরে যাওয়ার ভয়ে খবরের কাগজ এড়িয়ে চলতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সেই অবস্থা এখন আর নেই। ফেসবুক-টুইটারে অনেক ক্রিকেটারই বেশ সক্রিয়। তবে শহীদ আফ্রিদি অন্তত এই সময় এসব থেকে দূরে থাকছেন। আগে সাংবাদিকদের কলমের খোঁচা সহ্য করতে হতো। এখন যে সমর্থকেরাও কথা দিয়ে ছুঁলে ফেলতে চায়। এ কারণেই ফেসবুকে ঢুঁ মারছেন না আফ্রিদি।
পাকিস্তান অধিনায়ককে বেশ কিছুদিন থেকেই তুমুল আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের আগে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল জোরেশোরে। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে ব্যাটে-বলে আফ্রিদির দারুণ পারফরম্যান্সের পর সেই গুঞ্জন কিছুটা স্তিমিত হয়। কিন্তু ভারতের কাছে হারের পর এবার গুঞ্জন, আফ্রিদিকে বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছেড়ে দিতে হবে। এর মধ্যে পিসিবি সেই সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছে।
মাঠে নিজের খেলা, দলের পারফরম্যান্স তো আছেই; মাঠের বাইরের বিতর্কও টেনে এনেছেন ‘পাকিস্তানের চেয়ে ভারতে বেশি ভালোবাসা পাই’ মন্তব্য করে। আফ্রিদি তাই আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমের ছায়াও মাড়াচ্ছেন না, ‘আমি এখন ফেসবুক-টুইটার থেকে দূরে আছি। তবে দেশে মানুষের প্রতিক্রিয়া কী সেটা আমি জানি। আর সামনে কী হবে সেটা তো এখন বলা যাবে না। আমরা শুধু নিজেদের কাজটা ঠিকঠাক করে যাওয়ার চেষ্টা করব।’
মানুষের সমালোচনাও ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছেন বলে দাবি আফ্রিদির, ‘যারা আপনাকে ভালোবাসবে, তারাই তো আপনার ওপর রাগ করবে। এই উপমহাদেশে ক্রিকেট অনেক বড় একটা ব্যাপার। মানুষজন অনেক কিছুই বলবে, আমাদের মাথা গরম করলে চলবে না।’
কিন্তু ফেসবুক-টুইটারে তাঁর নামে যা হচ্ছে, সেসব দেখলে আফ্রিদি কি মাথা ঠান্ডা রাখতে পারবেন?