আমিনুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে প্রথম দিনটি শেষ করেছিলেন আমিনুল ইসলাম। নড়বড়ে নব্বইয়ে ফেরার শঙ্কা ফুৎকারে উড়িয়ে সেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক।
আমিনুলের সেঞ্চুরি ও শাহাদত হৃদয়ের ফিফটিতে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দ্বিতীয় দিনেও ভালো অবস্থানে বাংলাদেশের যুবারা। এখনো এগিয়ে ১৯৯ রানে।
আগের দিনে ৬ উইকেটে ২৭৩ রান নিয়ে খেলতে নেমে আজ কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বিসিবি অনূর্ধ্ব-১৭। আমিনুল-হৃদয়ের অবিচ্ছিন্ন ৭ম উইকেটে আসে ১৪১। আমিনুল খেলেছেন ২৪৬ বলে অপরাজিত ১২৯ রানের ঝলমলে এক ইনিংস। সিএবির বিপক্ষে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি করলেন বিসিবি অনূর্ধ্ব-১৭ অধিনায়ক। হৃদয় অপরাজিত ছিলেন ৬৭ রানে। প্রথম ইনিংসে ৭৬ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে দিন শেষ করেছে সিএবি। দিনের শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে সিএবির পক্ষে সর্বোচ্চ ৭৭ এসেছে সায়ান বিশ্বাসের ব্যাট থেকে। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। ম্যাচের আজ শেষ দিন।