আমির অবসর নেওয়ার পরও রমিজের খোঁচা
বিদায় কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছেন, নাকি পুরো ক্রিকেটকে বিদায় বলেছেন, এ নিয়ে কিছুটা বিতর্ক আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন মোহাম্মদ আমির। আর যে সাক্ষাৎকার থেকে এই অবসরের ঘোষণা এল, সামা টিভির সেই সাক্ষাৎকারে আমিরকে বলতে শোনা গেছে, ‘ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি।’
সব ধরনের ক্রিকেট থেকে নাকি শুধু আন্তর্জাতিক ক্রিকেট—সেটা খোলাসা হবে দুই দিনের মধ্যে। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে পাকিস্তানে ফিরেই আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আমির। আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবহেলা, মানসিক অত্যাচার ও সাবেক ক্রিকেটারদের মিথ্যাচারকেই অবসরের কারণ বলে জানিয়েছেন মোহাম্মদ আমির। এতেও লাভ হয়নি। অবসর ঘোষণার পরও আমিরকে খোঁচা মারতে বাধছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার।
ফর্মে থাকা এক ক্রিকেটারের মাত্র ২৯ বছর বয়সে অবসর নেওয়া বিস্ময়কর খবর। বড় মঞ্চে মোহাম্মদ আমিরের মতো বোলার কী করতে পারেন, সেটা ২০১৯ বিশ্বকাপেই দেখা গেছে। বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন না বলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু পারফরম্যান্স দিয়েই জবাব দিয়েছিলেন আমির। বিশ্বকাপের পরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন আমির। বলেছেন, নিজেকে সংক্ষিপ্ত সংস্করণের জন্য তাজা রাখতে চান।
টেস্ট থেকে তাঁর এভাবে নাম কাটিয়ে নেওয়া সহজভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাবেক ক্রিকেটাররাও আমিরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সময় দেওয়ার জন্যই আমিরের এ সিদ্ধান্ত, সেটা বলতেও বাদ রাখেননি কেউ। এসব কথাবার্তা ও বোর্ডের বিমাতাসুলভ আচরণকে অবসরের কারণ বলে জানিয়েছেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই নাকি তাঁকে মানসিকভাব অত্যাচার করা হচ্ছে!
আমিরের আচমকা এভাবে অবসর নেওয়ার সিদ্ধান্তে বিস্মিত রমিজ রাজা। মাত্র ১৭ বছর বয়সে আবির্ভাবের পর বিশ্বকে চমকে দিয়েছিলেন যে ফাস্ট বোলার, তাঁর এমন বিদায় ভাবিয়ে তুলেছে পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারকে। সঠিকভাবে সবকিছু চললে আমিরের ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়াত, সে আক্ষেপও শুনিয়েছেন টুইটারে, ‘মোহাম্মদ আমির অবসর নিল। সম্ভাব্য সুপারস্টারের অসময়ে দুঃখজনক বিদায়। উঠতি তরুণদের জন্যও একটা শিক্ষা: তোমার প্রতিভাকে সম্মান করো এবং নিজের দায়িত্ব বুঝতে শেখো।’
এখানেই থামেননি রমিজ। বিদায়ের ঘোষণা ও তার আগে গত কয়েক বছরে আমিরের আচরণ নিয়ে তাঁর মনে যে প্রশ্ন আছে, সেটাও টুইট করে জানিয়ে দিয়েছেন। জাতীয় দলের হয়ে সব সংস্করণে খেলতে রাজি না হওয়াটা যে আমিরের ভুল ছিল, রমিজ সেটাও জানিয়েছেন খোঁচা দিয়ে, ‘(তরুণদের প্রতি) সম্মানকে ধনসম্পদের সঙ্গে গুলিয়ে ফেলো না। দৃঢ় চরিত্র থাকলেই সম্মান পাওয়া যায়। পার্থিব চকচকে বস্তুতে ওটা আদায় করা যায় না।’
অভিষেকের এক বছরের মধ্যে পথ হারিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়া এবং দেশের হয়ে টেস্ট না খেলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আমিরের আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করার দিকেই যে ইঙ্গিতটা রমিজের, সেটা বুঝতে কষ্ট হয়নি কারও।