আমির আছেন বলে তাঁরা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্রিকেটে নতুন করে একটা ঝামেলা লাগল। আর এর মূলে মোহাম্মদ হাফিজ ও আজহার আলীর ‘আমিরবিদ্বেষ’। নিউজিল্যান্ড সফর সামনে রেখে ২১ ডিসেম্বর লাহোরে শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। স্পট ফিক্সিংয়ের দায়ে জেল খাটা ও পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানো মোহাম্মদ আমির আছেন বলে গতকাল সেই কন্ডিশনিং ক্যাম্প বর্জন করেছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক হাফিজ ও বর্তমান ওয়ানডে অধিনায়ক আজহার।
গত মাসে বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার প্রস্তাব পেয়ে সেটি প্রথমত ফিরিয়ে দেওয়ার দাবি করেছিলেন মোহাম্মদ হাফিজ। কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘যে দেশকে কলঙ্কিত করেছে, তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’ ইঙ্গিতটা স্পটতই ছিল চট্টগ্রামের দলটিতে আগেই ডাক পাওয়া আমিরের দিকে। পাকিস্তানের কায়েদে আজম ট্রফির চারটি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ উইকেট ও সর্বশেষ বিপিএলে চিটাগংয়ের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে জায়গা করে নেন আমির।
‘যেখানে আমির আছে, সেখানে আমি নেই’—হাফিজের এই নীতিতে একাত্মতা জানিয়ে এবার কন্ডিশনিং ক্যাম্প বর্জন করেছেন আজহার আলীও। পাকিস্তান ক্রিকেটে এ এক নতুন বিপত্তি। দলের টিম ম্যানেজার আগা আকবর রাখঢাক না করেই জানিয়েছেন, ‘আজ দুজনের অনুশীলনে না আসার কারণ আমির।’ খোদ আজহারও জানিয়েছেন, ‘আমির থাকলে আমি অনুশীলন করব না। এটা আমার সিদ্ধান্ত। ক্যাম্পে আমিরের উপস্থিতি হাফিজ ও আমি মানতে পারছি না।’
বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা হাফিজকে ফিরিয়েছিলেন আমির। আউটের পর বাঁহাতি পেসারের উল্লাস দেখে কে! মাঠের বাইরে দুজনের ‘লড়াই’য়ের চিত্রই যেন সেদিন ফুটে উঠেছিল। এখন জল কত দূর গড়াই সেটাই দেখার। সূত্র: এএফপি, ক্রিকইনফো।