আমির-আজহার এখন 'বন্ধু'

মোহাম্মদ আমিরকে নিয়ে কত কাণ্ডই না হলো। প্রথমে তো হায় হায় রব উঠল পাকিস্তানের ক্রিকেট মহলে। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞাই কেবল নয়, বিদেশের জেলে কিছুদিন কাটিয়ে আসা মোহাম্মদ আমিরকে দলে নিলে পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে—এমন কথা বলেছিলেন অনেক সাবেক ক্রিকেটারই। তাদের থেকে আরও এক ধাপ এগিয়ে মোহাম্মদ হাফিজ তো বলেই দিলেন আমির যে দলে খেলবেন, সেখানে তিনি খেলবেন না। ওয়ানডে অধিনায়ক আজহার আলী পদত্যাগই করতে চাইলেন। দুজন ‘বিদ্রোহ’ করে বয়কট করেছেন পাকিস্তানের অনুশীলনও।
সব বাধা পেরিয়ে আমির পাকিস্তান দলে ফিরেছেন। জাতীয় দলেও ফেরা হয়ে গেছে টি-টোয়েন্টি দিয়ে। কাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এবার ওয়ানডেতেও ফেরার অপেক্ষায় আছেন আমির। কিন্তু সমস্যা হলো, সেই ওয়ানডে তো আজহারের নেতৃত্বেই খেলতে হবে তাঁকে। আজহার জানালেন, ‘সমস্যা’টি আর সমস্যা নেই। মিটে গেছে সব।
ওয়েলিংটনে দলের অনুশীলন শেষে আমির প্রসঙ্গে আজহার বলেছেন, ‘দেখুন আমরা সব সমস্যা পেছনে ফেলে এসেছি। আমরা এই মুহূর্তে একতাবদ্ধ হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হচ্ছি।’ অধিনায়ক হিসেবে দলের মধ্যে সম্প্রীতি বজায় রাখাটাও যেহেতু তাঁর দায়িত্ব, তাই আমিরকে নিয়ে অতীতে কী বলেছেন, কী করেছেন—সেগুলো নিয়েও আর মাথা ঘামাতে চান না আজহার, ‘আমার নীতিগত অবস্থান যা-ই থাক, আমার দায়িত্ব এখন দলকে নেতৃত্ব দেওয়া আর দলের ভেতর সম্প্রীতি বজায় রাখা।’
আমিরকে নিয়ে আজহার কি এখনো পুরোপুরি সন্তুষ্ট নন? পিসিবির সিদ্ধান্তটিকে কি চাপিয়ে দেওয়া হিসেবেই দেখছেন?
শহীদ আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে অভিষেকের স্বাদ পেয়ে গেছেন আমির। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য আমিরের পারফরম্যান্স আহামরি কিছু নয়। তিন ম্যাচে ১০০ রান দিয়ে মাত্র ১টি উইকেট। পরের দুই ম্যাচে তো উইকেটই পাননি। তবে আমিরের বোলিং নিয়ে আজহার সন্তুষ্ট, ‘আমির টি-টোয়েন্টিতে মোটামুটি ভালোই বল করেছে। আমি এখন ওর কাছ থেকে দলের স্বার্থে সেরাটাই বের করে নিয়ে আসতে চাই।’
সেই সেরাটা বের করে আনতে চাইলে বোলারের কাঁধে তো অধিনায়কের আস্থার হাতটা রাখতে হবে। পিঠে দিতে হবে পূর্ণ সমর্থনের চাপড়। আজহার তৈরি তো? সূত্র: এএফপি।