আমির-ইস্যু রূপ নিল কদর্য গালাগালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরকে নিয়ে রমিজ-ইউসুফের বাগ্‌বিতণ্ডা।
আমিরকে নিয়ে রমিজ-ইউসুফের বাগ্‌বিতণ্ডা।

মোহাম্মদ আমিরকে জাতীয় দলে ফিরবেন, কী ফিরবেন না—এ নিয়ে এন্তার বিতর্ক পাকিস্তান ক্রিকেটে। বাঁহাতি পেসারকে নিয়ে দুভাগে বিভক্ত পাকিস্তানি ক্রিকেটাররা। কারও রায় আমিরের পক্ষে, কারও আবার বিপক্ষে। পাকিস্তান দলে আমিরকে দেখতে চান না রমিজ রাজা, মোহাম্মদ ইউসুফের মত ঠিক বিপরীত।

এ পর্যন্ত থাকলেও চলত। আমির-ইস্যুতে রমিজ-ইউসুফ নেমে পড়লেন কোমর বেঁধে। একে অপরকে করলেন ব্যক্তিগত আক্রমণ। সোমবার পাকিস্তানের এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুজন। ৯০ টেস্টে ৭৫৩০ ও ২৮৮ ওয়ানডেতে ৯৭২০ রান করা ইউসুফ রমিজকে ধুয়ে দেন। একাদশে জায়গা পেতে রমিজ তদবির করতেন, তৈলমর্দনও হয়তো এমন ই​ঙ্গিত করে ইউসুফ বলেন, ‘উনি ক্রিকেটের কিছুই বোঝেন না। উনি ছিলেন সুপারিশের খেলোয়াড়।’ রমিজের একটা ‘গুণ’ অবশ্য ঠিকই দেখেন, ভালো ইংরেজি বলতে পারা। তবে এই ‘গুণে’র কথা বলতে গিয়েও ইউসুফ খোঁচা দিলেন, রমিজের ক্রিকেটারের বদলে অন্য পেশা বেছে নেওয়া উচিত ছিল, ‘উনি ইংরেজির শিক্ষক হলে ভালো করতেন।’
এ কথা শুনে ৫৭ টেস্টে ২৮৩৩ ও ১৯৮ ওয়ানডেতে ৫৮৪১ রান করা রমিজ তো রেগেমেগে আগুন! ইউসুফকে খুবই স্পর্শকাতরভাবে আক্রমণও করেছেন ‘ভুয়া মোল্লা’ অভিহিত করে। বলেছেন, ‘সে মিথ্যা কথা বলে। তার কারণে পাকিস্তান ক্রিকেট বিপাকে পড়েছিল।’
আমিরকে ফেরানো নিয়ে এ কদিনে কম জল ঘোলা হলো না। লাহোরে কন্ডিশনিং ক্যাম্পে ২৩ বছর বয়সী পেসারকে দেখে বেঁকে বসেছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হাফিজ। পিসিবি চেয়ারম্যানের হস্তক্ষেপে সমাধান হয় সে সমস্যার। তাতে অবশ্য স্বস্তি প্রকাশ করেন রমিজ। সূত্র: পিটিআই।