আমির থাকায় দল 'বয়কট' অধিনায়ক আজহারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে আমির। ছবি: এএফপি
জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে আমির। ছবি: এএফপি

বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ঘটনা বাঁক নিচ্ছে ভিন্ন দিকেই। গত মাসে বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে মোহাম্মদ হাফিজ জানিয়েছিলেন, ‘যে দেশকে কলঙ্কিত করেছে তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’

হাফিজের মন্তব্য ছিল স্পট ফিক্সিংয়ে জেল খাটা ও পাঁচ বছর নিষিদ্ধ থাকা মোহাম্মদ আমিরের উদ্দেশেই। ঘটনা এখানেই শেষ নয়। পাকিস্তানের কায়েদ-এ আজম ট্রফির চারটি প্রথম শ্রেণি ম্যাচে ১৬ উইকেট ও সর্বশেষ বিপিএলে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে জায়গা করে নিয়েছেন আমির। আগামী মাসে নিউজিল্যান্ড সফরের আগে শুরু হওয়া এ ক্যাম্পে যোগ দেননি হাফিজ।
‘দ্য প্রফেসরে’র যোগ না দেওয়ার কারণ জানা গেল। জানিয়ে দিয়েছেন, যেখানে আমির আছেন, সেখানে তিনি নেই। হাফিজ একা নন, একই সিদ্ধান্ত খোদ পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীরও। হাফিজ-আজহারের ‘আমির বর্জন’ নীতিতে বিপাকে পিসিবি। পাকিস্তান দলের টিম ম্যানেজার আগা আকবর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ দুজনের অনুশীলনে না আসার কারণ আমির।’
অনুশীলনে না আসার কারণ জানিয়ে আজহার বলেছেন, ‘আমির থাকলে আমি অনুশীলন করব না। এটা আমার সিদ্ধান্ত। পিসিবির সঙ্গে এ নিয়ে আলোচনা করতে রাজি। তবে হাফিজের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারব না। তবে দুজনের অবস্থান একই। ক্যাম্পে আমিরের উপস্থিতি মেনে নিতে পারছি না।’
মজার ব্যাপার, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা হাফিজকে ফিরিয়েছিলেন আমির। আউটের পর বাঁহাতি পেসারের উল্লাস দেখে কে! মাঠের বাইরে দুজনের ‘লড়াই’য়ের চিত্রই যেন সেদিন ফুটে উঠেছিল। এখন জল কত দূর গড়াই সেটাই দেখার। সূত্র: এএফপি, ক্রিকইনফো।