আমির দলে কেন, প্রশ্ন কাদিরের

আমির কেন নির্বাচকদের ‘অটো চয়েস’? প্রশ্নটি তুলেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর টেস্টে পাকিস্তান দলের নিয়মিত সদস্য মোহাম্মদ আমির। তবে কাদির মনে করেন, এই ফাস্ট বোলার এমন আহামরি কোনো পারফরম্যান্স করছেন না, যাতে তাঁকে এতটা সুযোগ দেওয়া যায়।
নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান দলে ফেরার পর আমির আটটি টেস্ট খেলেছেন। ৩৭ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। সাবেক লেগ স্পিনার কাদিরের কাছে এটা তেমন বড় কোনো পারফরম্যান্স নয়। এরপরও তাঁর বারবার সুযোগ পাওয়ার মধ্যে পক্ষপাতদুষ্টতার গন্ধ পাচ্ছেন কাদির। আর এতে অনেক ফাস্ট বোলারই ক্ষতির শিকার হচ্ছেন বলে মনে করেন তিনি।
‘আমিরকে অগ্রাধিকার দিতে গিয়ে পাকিস্তানের অন্য ফাস্ট বোলারদের ক্যারিয়ারের ক্ষতি করা হচ্ছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকেই আমিরকে দেখছি আমি। সে মোটেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি।’
আমিরের কারণে নির্বাচকেরা বিশেষ করে উমর গুল ও জুনাইদ খানের মতো বোলারদের প্রতি অবিচার করছেন বলে মনে করেন সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার কাদির, ‘আমিরকে জায়গা করে দিতে নির্বাচকেরা উমর গুল ও জুনাইদ খানের মতো অভিজ্ঞ পেসারদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছেন। এই দুই বোলার খুব কঠিন সময়ে পাকিস্তান দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছে। কেবল গুল কিংবা জুনাইদ নয়, দলে থাকা অন্য পেসাররাও এই পক্ষপাতের খেসারত দিচ্ছে, যেমন সোহেল খান।’
ইংল্যান্ডের বিপক্ষে সোহেলের পারফরম্যান্স দুর্দান্ত মনে হয়েছে কাদিরের। বার্মিংহামে তাঁর একটি ৫ উইকেট-কীর্তিও আছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আমিরের বদলে সোহেলকে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। সূত্র : ডেইলি টাইমস।