
মোহাম্মদ আমিরের সঙ্গে একই দলে খেলবেন না ঘোষণা দিয়ে কদিন আগেই আলোচনায় এসেছিলেন। চিটাগং ভাইকিংসের প্রস্তাবটা সে কারণেই ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছিলেন মোহাম্মদ হাফিজ। কী অদ্ভুত কাকতাল, শেষ পর্যন্ত সেই আমিরের দলের বিপক্ষেই বিপিএলে অভিষেক হয়ে যেতে পারে হাফিজের। ঢাকা ডায়নামাইটস দলে নিয়েছে পাকিস্তানের এই অলরাউন্ডারকে। আগামীকাল যাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। যেটিতে হাফিজ বনাম আমির হবে বড় এক আকর্ষণ।
হাফিজের ম্যানেজার মোগিস শেখ ইএসপিএনক্রিকইনফো-কে নিশ্চিত করেছেন খবরটা, ‘মোহাম্মদ হাফিজের জন্য আমরা ঢাকার সঙ্গে চুক্তি করেছি, ৮ ডিসেম্বর ও প্রথম ম্যাচ খেলবে। ওরা (ঢাকা) তার ব্যাপারে নিশ্চিত ছিল না, কিন্তু এখন তাদের মনে হয়েছে ঢাকার পিচে সে কাজে আসতে পারে।’ সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য হাফিজের ফর্মটা ভালো যাচ্ছে না, দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ৩৩ রান।
বিপিএলের নিলামে হাফিজকে কোনো দল নিতে আগ্রহ দেখায়নি। পরে পাকিস্তানি অলরাউন্ডার দাবি করেন, তিনি চিটাগং ভাইকিংসে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু আমিরের সঙ্গে এক দলে খেলতে হবে বলে রাজি হননি। নিজের সিদ্ধান্তের কারণটাও বলেছিলেন সবিস্তারে, ‘আমি নির্দিষ্ট কারও বিপক্ষে নই। কিন্তু এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির প্রশ্ন। দেশের সম্মান ডুবিয়েছে, এমন কারও সঙ্গে আমি খেলতে পারব না। হ্যাঁ, যদি কেউ ভালো অর্থের প্রস্তাব দেয়, তাহলে আমি বিপিএলে খেলতে পারি। নইলে আমি নিজের দেশে এসএনজিপিএলের হয়ে কায়েদে আজম ট্রফিতে খেলাটাই পছন্দ করব।’
আমিরের সঙ্গে একই দলে না হলেও আমিরের বিপক্ষে তো খেলতে হচ্ছে হাফিজকে। এবার তাঁর অবস্থান কী হবে? হাফিজ এবারও আগের অবস্থানেই আছেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি এ রকম কোনো খেলোয়াড়ের সঙ্গে এক দলে খেলতে পারব না। কিন্তু ওর মতো কেউ একজন আমার বিপক্ষে খেললে তো আর কিছু করার নেই, আমি অবশ্যই খেলব। কিন্তু এ রকম কারও সঙ্গে আমি অন্তত এক ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’ ক্রিকইনফো।