আমিরকে কী বলেছেন কোহলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির দেওয়া ব্যাটেই কাল অনুশীলন করলেন আমির। ছবি: এএফপি
কোহলির দেওয়া ব্যাটেই কাল অনুশীলন করলেন আমির। ছবি: এএফপি

অনুশীলন শেষ করে ভারতের তখন বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। ইডেন গার্ডেনে ওই সময়ই ঢুকলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ব্যস, দেখা হয়ে গেল বিরাট কোহলি-মোহাম্মদ আমিরের। দুজন হেসে কিছুক্ষণ কথাও বললেন। পরে কোহলি তাঁর একটি ব্যাট দিলেন আমিরকে। সেটি পেয়ে পাকিস্তানি পেসারের আনন্দ আর ধরে না! কিছুক্ষণ ‘শ্যাডো’ করে নিলেন ওই ব্যাট দিয়ে।


কোহলি-আমিরের সখ্য ইদানীং বেশ জমে উঠেছে। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আমিরকে স্বাগত জানিয়েছিলেন কোহলি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচেও দুজনের দ্বৈরথ জমেছিল বেশ। তিন উইকেট নিয়ে ভারতকে কাঁপিয়েই দিয়েছিলেন আমির। শেষ পর্যন্ত ৪৯ রানের দারুণ এক ইনিংসে ভারতকে জিতিয়ে শেষ হাসি হেসেছেন কোহলিই। তবে ওই ম্যাচের পরই কোহলি খুলে দেন তাঁর মুগ্ধতার দুয়ার, ‘আমির বিশ্বমানের একজন বোলার।’ আমিরও সেই প্রশংসা ফিরিয়ে দিতে দেরি করেননি, কোহলির মতো ব্যাটসম্যানের কাছ থেকে প্রশংসা পাওয়া বিশাল কিছুই।

কিন্তু গতকাল ইডেনে কী নিয়ে কথা হয়েছে দুজনের? তা জানা গেল না। তবে আজ নিশ্চয়ই দুজনের কেউই সেসব মনে রাখবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ হেরে গেলেই ভারত ছিটকে যেতে পারে টুর্নামেন্ট থেকে, নিশ্চয় তা কোহলি মনে রাখবেন। আমিরও জানেন, আজ হেরে গেলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যেতে পারে।