আমিরকে খেপিয়ো না, কেপির সতর্কবাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশদের প্রতি আমিরকে তাতিয়ে না দেওয়ার পরামর্শ পিটারসেনের। ফাইল ছবি
ইংলিশদের প্রতি আমিরকে তাতিয়ে না দেওয়ার পরামর্শ পিটারসেনের। ফাইল ছবি

যেখানে লেগেছিল কলঙ্কের কালি, ক্রিকেটের বড় দৈর্ঘ্যে সেখানেই ফিরছেন তিনি। পাঁচ বছর পর ১৪ জুলাই লর্ডসে মোহাম্মদ আমিরের হতে যাচ্ছে টেস্ট-প্রত্যাবর্তন। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া খেলোয়াড়ের দ্বিতীয় সুযোগ না দিতে ইংলিশরা বরাবরই সোচ্চার। ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেনও আছেন এই দলে।

অতীত ঘটনার রেশ টেনে মাঠে ও মাঠের বাইরে ইংলিশরা আমিরকে অতিষ্ঠ করে তুলতে চাইবে। এখানেই সতর্ক করছেন কেপি। আমিরকে খেপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে ইংল্যান্ডের। কদিন আগে ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক জানিয়েছিলেন, এবারের ইংল্যান্ড সফরে আমিরকে যথেষ্ট কঠিন সময় পার করতে হবে। দর্শকেরাই তাঁর জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে চাইবে।
নিজের অভিজ্ঞতা থেকে কেপি বলছেন, এটা করার চেয়ে না করলেই ভালো। কারণ, আমিরকে খেপালে তিনি হয়ে উঠতে পারেন ভয়ংকর, ‘এজবাস্টন ও ওল্ড ট্রাফোর্ডে দর্শকেরা সম্ভবত তাঁকে জ্বালাতন করবে। তবে তারা দ্রুতই বুঝে যাবে, আমির অবিশ্বাস্য, দুর্দান্ত এক বোলার। দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছি ওকে। এটা ঠিক, তখন সে বোলিং করেছিল সাদা বলে। তবে নিষিদ্ধ হওয়ার আগে তার দক্ষতা যেমন ছিল, এখনো সেটিই আছে।’
একজন ফাস্ট বোলার হিসেবে শুধু বল হাতেই নন, মেজাজ-মানসিকতায় আমির কতটা আগ্রাসী, মনে করিয়ে দিচ্ছেন কেপি, ‘ও মুখও সমানে চালাতে পারে। সে বোঝাবে আপনাকে বোলিং করছে। দুবাইয়ে (পিএসএলে) সে আমার সঙ্গে এটা অনেক করেছে। ইংলিশ সমর্থকেরা ভীষণ উত্ত্যক্ত করবে তাকে। তবে সে পিছু হটার মানুষ নয়। লড়াইটা জমজমাটই হবে।’
পিটারসেনের ব্যাখ্যা, ‘সমর্থকদের দুয়ো কিংবা প্রতিপক্ষের স্লেজিং তার মতো খেলোয়াড়কে দুর্দান্ত কিছু করতে আরও তাতিয়ে দেবে। সুতরাং ইংল্যান্ডকে সমর্থন দিতে এসে দর্শকেরা তার সঙ্গে এমন কিছু করা উচিত হবে না। এই সফরে পাকিস্তানকে একটি কিংবা দুটি টেস্ট জিতিয়ে দিতে পারে সে। সুতরাং নিজেদের সেরাটা কীভাবে দেওয়া যায়, ইংল্যান্ডের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ট্রেভর বেলিস ও অ্যালিস্টার কুক হয়তো সেটিই করবে। আমিরকে ঘিরে অহেতুক ঘটনাগুলো ঘটছে, তারা নিশ্চয়ই সেটিতে মাথা ঘামাবে না।’
যুক্তিও আছে পিটারসেনের কথায়, ‘তারা নিশ্চয়ই বুঝবে তাকে উত্ত্যক্ত করা যথার্থ কাজ নয়। সে যদি ব্যাটসম্যান হতো, তাকে স্লেজ করা খুব সহজ হতো। কারণ ১১ খেলোয়াড়ই তার ওপর ঝাঁপিয়ে পড়ত। মুখের তিরে বিদ্ধ করতে পারত। কিন্তু একজন বোলার হিসেবে তার হাতে নানা অস্ত্র আছে। যদি আপনি তাকে খোঁচান ও সে যদি ৫ বলে ৩ উইকেট তুলে নেয়, তবে আপনাকে নির্বোধ মনে হবে। সুতরাং ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা তার (আমিরের) অতীত নিয়ে মাথা ঘামানো ঠিক হবে না।’