আমিরকে ডলার দেখিয়ে অপমান, বাঁচালেন হাফিজই

অনেক ব্যাপারই এখন আর মোহাম্মদ আমিরের গায়ে লাগে না। স্পট ফিক্সিংয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন, কিছুদিন তো কারাবাসের অভিজ্ঞতাও হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে যেই ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখন কত মানুষই তাঁকে অচ্ছুৎ বানাতে রীতিমতো উঠে পড়ে লেগেছিল। তাঁর মতো একজন ‘অপরাধী’ পাকিস্তান দলে ফিরলে কী কী সমস্যা হতে পারে—এ নিয়েও কত গবেষণা। কিন্তু আমির গতকাল ওয়েলিংটনে যে পরিস্থিতির মুখোমুখি হলেন, সেই ভয়টাই এত দিন পাচ্ছিল অনেকে।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল মাঠে নেমেছিল পাকিস্তান। নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, খেলেছেন বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলেও। পাকিস্তানের জার্সি গায়ে তিনটি টি-টোয়েন্টিও খেলা হয়ে গেছে। গতকালই প্রথম ওয়ানডে খেলতে নামলেন। আর সেই ম্যাচেই এক দর্শকের কাছ থেকে পেলেন অপমানজনক সম্ভাষণ। শেষে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে আমির মুক্তি পান সেই পরিস্থিতি থেকে।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের একপর্যায়ে বাউন্ডারির কাছে নিজের ফিল্ডিং স্পটে ফিরতেই আমির রীতিমতো হতভম্ব। তাঁর পেছনেই দর্শকদের মধ্য থেকে একজন একটি ডলারের একটি নোট উঁচু করে যখন স্লোগান দিচ্ছিল, তখন আমির রীতিমতো পাংশু। লজ্জায়-অপমানে যখন প্রায় মুখ ঢাকতে যাচ্ছেন, সে সময়ই তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন মোহাম্মদ হাফিজ। হাফিজই স্বপ্রণোদিত হয়ে নিরাপত্তারক্ষীদের ডেকে তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে নিরাপত্তাকর্মীরা সেই দর্শককে চিহ্নিত করে তাঁকে শাসিয়ে দেয় কড়া ভাষায়।
আমিরের সাহায্যে হাফিজের এগিয়ে আসার ব্যাপারটিও ইতিবাচক। কিছুদিন আগেই নিউজিল্যান্ডে সফরের জন্য পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্পে হাফিজ যোগ দিতে অপারগতা জানিয়েছিলেন সেখানে আমির আছেন বলে। তারও আগে হাফিজ বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিপিএলে তিনি নাকি একটি ফ্র্যাঞ্চাইজির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কেবল সে দলে আমির খেলছেন বলে। তাই গতকাল ওয়েলিংটনে আমিরকে এক ডলারের নোট দেখিয়ে দর্শক যখন রূঢ় আনন্দে মেতেছে, ঠিক তখনই আমিরের সাহায্যে হাফিজের এগিয়ে আসাটা আলোচনার জন্ম দেয় বৈকি!
হাফিজ অবশ্য পুরো বিষয়টিকেই অভিহিত করেছেন ‘পাকিস্তান ক্রিকেটের অপমান’ হিসেবে। তাঁর বক্তব্য হচ্ছে, দর্শকটি আমিরকে ডলারের নোট দেখিয়ে যখন মজা করছে, সেটা আর আমিরের অপমান থাকেনি, হয়ে গেছে গোটা পাকিস্তানেরই অপমান।
সমস্যা আরও আছে। একদল আমিরকে নেওয়ার বিপক্ষে মত জানিয়ে বলেছি, এখন থেকে নিরীহ-অতি সাধারণ ওয়াইড বা নো বল করলেও মানুষ সন্দেহের চোখে তাকাবে। এটি দলে অস্বস্তি তৈরি করতে পারে। প্রথম ওয়ানডের পর সেই অভিজ্ঞতাও হলো আমিরের। কাল পাঁচ বছর সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে করা প্রথম বলটাই ওয়াইড দিয়েছেন। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের কাছে অভিযোগ জানিয়েছে কয়েকজন সাংবাদিক!
পিসিবি সভাপতি অবশ্য বলেছেন, ‘ওয়াইড আর নো বল ক্রিকেটেরই অংশ। হার-জিত যেমন এই খেলার অংশ। তাই আমিরের সেই ওয়াইড নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
কত কিছুর সঙ্গেই না লড়তে হচ্ছে আমিরকে! সূত্র: দ্য ডন।