আমিরকে দলে দেখতে চান না রমিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে দারুণ করছেন আমির, কিন্তু মন গলছে না রমিজের। ছবি: প্রথম আলো
বল হাতে দারুণ করছেন আমির, কিন্তু মন গলছে না রমিজের। ছবি: প্রথম আলো

প্রত্যাবর্তনটি দারুণ হয়েছে মোহাম্মদ আমিরের। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মাত্র ছয় মাস হলো, কিন্তু এরই মধ্যে পারফরম্যান্স দিয়ে করা নাড়তে শুরু করেছেন জাতীয় দলের দরজায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও জাতীয় দলের কোচের কথাবার্তায় সেই ইঙ্গিতই মিলছে। কিন্তুই সবাই যে আমিরকে দলে দেখতে মুখিয়ে, তা নয়। সাবেক অধিনায়ক রমিজ রাজা তো বলেই দিয়েছেন, আমিরকে কখনোই দলে ফিরতে দিতেন না তিনি।
ম্যাচ পাতানোর বিপক্ষে সব সময়ই সোচ্চার ছিলেন রমিজ। নিজে যখন পাকিস্তান দলে ছিলেন, তখন ছিল ম্যাচ পাতানোর রমরমা যুগ। নিজ সতীর্থদের দেখেছেন ইচ্ছে ম্যাচ হারতে। সেই কষ্টের কথা এখনো মনে রেখেছেন। সে জন্যই তিনি আমিরকে দলে ফেরাতে অন্যদের আগ্রহের কারণ খুঁজে পাচ্ছেন না, ‘সবাই আমিরকে দলে ফেরাতে এত আগ্রহী কেন? যারা ওকে এত দ্রুত ফেরাতে ইচ্ছুক, আমি নিশ্চিত তারা কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়নি। একদল চোর যেকোনো উপায়ে ম্যাচ হারার চেষ্টা করছে, এর চেয়ে জঘন্য কোনো অনুভূতি নেই। এটা আপনার খেলার আগ্রহটা নষ্ট করে দেয়। ওই অপরাধীদের খুন করার ইচ্ছেও জাগে।’

সাবেক এই ক্রিকেটারের ধারণা, আমিরকে দলে ফেরালে নতুন করে সমস্যা সৃষ্টি হবে পাকিস্তান ক্রিকেটে। অনেক দিন পড়ে পাকিস্তান ক্রিকেট খানিকটা বিতর্ক ও ঝামেলাবিহীন সময় পার করছে। আমির-ইস্যুতে সেই সুর কেটে যাওয়ার শঙ্কায় আছেন রমিজ, ‘পাকিস্তান ক্রিকেটকে অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যেই অনেক ভুগেছি, আর কোনো ধাক্কা খেতে চাই না। নিজে ম্যাচ পাতানোর ঘটনাগুলো দেখেছি। যাদের এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, কেউই পারবে না পাতানো ম্যাচের সঙ্গে জড়িতদের ক্ষমা করতে।’
আমিরের মতো খেলোয়াড়দের ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রমিজ। আমিরকে দলেই আর দেখতে চান না। এ জন্য পাকিস্তানের দর্শকদেরও সাহায্য চেয়েছেন, ‘ক্ষমতা থাকলে আমিরকে খেলতেই দিতাম না। কিন্তু আমার সেই ক্ষমতা নেই, আমি কেবল সমালোচনা করতে পারি, হতাশ হতে পারি, ক্ষোভ প্রকাশ করতে পারি। আর শুধু প্রার্থনা করতে পারি যে জনগণ এ ব্যাপারে চাপ সৃষ্টি করবে, যেন এ ধরনের খেলোয়াড় আর কখনো দলে ফিরতে না পারে।’
আরেক সাবেক ক্রিকেট তারকা শোয়েব আখতার অবশ্য এ ব্যাপারে মধ্যপন্থা বেছে নিয়েছেন, ‘সে দেশের সম্মান নষ্ট করেছে, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত নয়—এমন মতকে শ্রদ্ধা করি। কথাটি সত্য। আবার যারা বলে, সে শাস্তি পেয়েছে, জেলও খেটেছে, আবারও কখনো ভুল করলে তখন না হয় শাস্তি দিয়ো—সেই যুক্তিও কিন্তু ভুল নয়।’
দলে ফিরলেও যে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আমিরকে যেতে হবে, সেটিও মনে করিয়ে দিলেন শোয়েব, ‘ওকে অনেকেই অবিশ্বাস করবে, যখনই সে বল করতে যাবে, লাখ লাখ মানুষ তাঁকে বিচার করবে। ও বিষয়টি জানে কী না আমার জানা নেই, কিন্তু ব্যাপারটি সামলানো সহজ হবে না। ভাগ্য ভালো আমাকে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না, কারণ ব্যাপারটা যথেষ্ট ভীতিকর।’ সূত্র: দ্য ডন