আমিরকে দেখে আফসোস বাড়ছে মালিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম মালিক
সেলিম মালিক

সেলিম মালিকের কথা মনে আছে? একটা সময় ছিল যখন মালিককে পাকিস্তানের সেরা প্রতিভা বলা হতো। ১৯৮২ সালে অভিষেকের পর খেলেছেন ১০৩টি টেস্ট, ১৫টি সেঞ্চুরি আর ২৯টি ফিফটিসহ করেছেন ৫ হাজার ৭৬৮ রান। কখনো কবজির মোচড়ে মুগ্ধ করতেন, কখনো বা হয়ে উঠতেন মারমুখী। দ্রুত রান করার ক্ষমতা ব্যাটিংকে দিয়েছিল অন্য মাত্রা। সেই মালিক ম্যাচ পাতানোর অভিযোগে আজীবনের জন্য বহিষ্কৃত ক্রিকেট থেকে।

গত ১৫ বছর ধরে খুব একটা আলোচনাতেও আসেননি। আইনি লড়াই চালিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে। ৫২ বছর বয়সে এসে তাঁর উপলব্ধি, মোহাম্মদ আমির স্পট ফিক্সিং-কাণ্ডের পর বহিষ্কার কিংবা কারাবাস কাটিয়ে এসে যদি পাকিস্তান দলে আবারও সুযোগ পেতে পারেন, তিনি অন্তত এই বয়সে এসে ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়াতে পারেন।

মালিকের কণ্ঠে সেই আরজিটাই খুব স্পষ্ট, ‘আমার মধ্যে কোনো ক্ষোভ নেই। কিন্তু পুরো ব্যাপারটা আমাকে প্রচণ্ড আহত করে। দেশের হয়ে দীর্ঘ দিন খেলেছি। কত ম্যাচ একা জিতিয়ে ফিরেছি। কত ম্যাচ বাঁচিয়েছি। আমি একটা দ্বিতীয় সুযোগ পেতেই পারি।’

ম্যাচ পাতানোর অভিযোগ নব্বইয়ের দশকে কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানসহ গোটা ক্রিকেট দুনিয়া। ১৯৯৫ সালে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরের সময় সে সফরে পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রথম তুলেছিলেন তাঁরই সতীর্থ উইকেটরক্ষক রশিদ লতিফ। কেবল মালিকই নন, লতিফের অভিযোগ ছিল আরও কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটারের বিরুদ্ধেও।


এই অভিযোগের ভিত্তিতেই ২০০০ সালে পাকিস্তানের সাবেক বিচারপতি মালিক কাইয়ুমের নেতৃত্বে গঠিত হয়েছিল বিচার-বিভাগীয় তদন্ত কমিশন। সেই কমিশন মালিককে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল। জরিমানা করা হয়েছিল ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মুশতাক আহমেদ ও আকরাম রাজাকে।

এই কমিশনের ওপরও অবিচারের অভিযোগ তুলেছেন মালিক, ‘কমিশন আমাকে ঠিকভাবে মূল্যায়ন করেনি। আমার ওপর অবিচার করা হয়েছিল। ২০০০ সালে আমার ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে ছিল। সে জন্য আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। পুরো অভিযোগটিতে দুই-একজনকে বলির পাঁঠা বানানোর প্রয়োজন ছিল। বিচার সবার জন্যই সমান হওয়া উচিত। আমি কখনোই কোনো জায়গায় ন্যায়-বিচার পাইনি। কেবল আমাকেই কেন এত কঠিন শাস্তি দেওয়া হয়েছিল? কেন আমাকে কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না?’

মালিকের দুঃখটা এ জন্য আরও বেশি, বিচারপতি কাইয়ুমের প্রতিবেদনে আরও কয়েকজন শীর্ষ তারকার নাম ছিল। যারা পরে পাকিস্তান দলে খেলার সুযোগ পেয়েছে। ক্যারিয়ার শেষে সুযোগ পেয়েছে ক্রিকেটের সঙ্গে খুব ভালোভাবে সম্পৃক্ত থাকার। কেউ কোচ, কেউ বোর্ডের কর্মকর্তা, কেউ বা ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়। কিন্তু মালিকের রুটি-রুজিই বন্ধ। একাডেমিও করতে দেওয়া হয়নি।

মালিকের আকুতি, আরেকটি সুযোগ দেওয়া​ হোক তাঁকে।