আমিরকে নষ্ট কোরো না, শোয়েবের আকুতি

আমিরের অবসরের সিদ্ধান্তে মর্মাহত শোয়েব আখতার।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। গতকাল মোহাম্মদ আমির জানিয়ে দিয়েছেন, এই প্রশাসনের অধীনে ক্রিকেট আর নয়। এর মানে আন্তর্জাতিক ক্রিকেটেই দেখা যাবে না এই পেসারকে। ফর্মে থাকা ২৯ বছর বয়সী এই তারকার এমন সিদ্ধান্তটা ধাক্কা হয়েই এসেছে অনেকের কাছে। সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারের কথাই ধরুন। তিনি মানতেই পারছেন না, আমিরের মতো এমন প্রতিভার অপচয় হবে এভাবে।

গতকাল অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে একরকম ঝড়ই তুলে দিয়েছেন মোহাম্মদ আমির। অবসর ঘোষণার বার্তায় তাঁর সিদ্ধান্তের পেছনে বোর্ডকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমিরকে বলতে দেখা গেছে, ‘সত্যি বলছি, আমার মনে হয় না এই প্রশাসনের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব। আমি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ সময়টায় আমি যথেষ্ট দেখেছি। বারবার বলা হয়েছে বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে। আমি শহীদ আফ্রিদির কাছে কৃতজ্ঞ, কারণ নিষেধাজ্ঞার পর তিনিই আমাকে সুযোগ দিয়েছিলেন।’

পাকিস্তানের এই ক্রিকেট প্রশাসনের অধীনে খেলবেন না আমির।
ছবি: রয়টার্স

ওই ভিডিওতে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন পাকিস্তান ক্রিকেটের হর্তাকর্তারা, ‘সবাই দেশের হয়ে খেলতে চায়। তারা বলেই যাচ্ছিল, আমি টেস্ট ক্রিকেট ছেড়েছি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলার জন্য। আমি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ফেরত এসেছিলাম। যদি লিগে খেলার জন্য এতটাই মরিয়া থাকতাম, তখনই বলতাম পাকিস্তানের হয়ে খেলব না। প্রতি মাসেই কেউ না কেউ বলছে, আমির আমাদের বিপদে ফেলে গেছে। দুই দিনের মধ্যে আমি পাকিস্তানে ফিরব এবং আনুষ্ঠানিক বিবৃতি দেব।’

এমন এক প্রতিভাবান পেসার এভাবে হারিয়ে যাবে, পাকিস্তানের কাজে আসবে না, এটা মানতেই পারছেন না শোয়েব আখতার। জাতীয় দলে আমিরকে ফেরত আনার জন্য দরকার হলে নিজেই উদ্যোগী হবেন, জানিয়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব জানিয়েছেন, ‘মোহাম্মদ আমিরকে আমার অধীনে খেলতে দিন, দেখুন ও মাঠে কী কী করে! ওকে নষ্ট না করি আমরা!’

নিউজিল্যান্ড সফরে অর্ধশতাধিক ক্রিকেটার নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। তরুণদের জায়গা দিতে তাতে রাখা হয়নি শোয়েব মালিকের মতো খেলোয়াড়কে। বয়সের দিক থেকে এখনো তরুণদের কাতারেই থাকবেন মোহাম্মদ আমির। কিন্তু এই বাঁহাতি পেসারকেও ডাকা হয়নি সফরে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিলেন গত কয়েক দিন। গতকাল সেটাও শেষ হয়েছে। বোর্ডের চোখে ব্রাত্য হয়ে পড়ার দুঃখেই কি না, পাকিস্তানের হয়ে খেলাই ছেড়ে দিয়েছেন আমির।

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা আমিরের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ২৫৯। এর মধ্যে টেস্টেই ১১৯ উইকেট পেয়েছেন আমির।