আমিরকে নিয়ে নতুন করে প্রশ্ন তোলার পক্ষে নয় আইসিসি

মোহাম্মদ আমির পাকিস্তান দলের সঙ্গে ইংল্যান্ড সফর করতে পারবেন কি না, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমিরের ব্রিটিশ ভিসার আবেদন করা হয়েছে, কিন্তু ইংল্যান্ডের আইন ভিসা দেওয়ার পক্ষে কথা বলছে না। ব্রিটিশ আইনে এক থেকে পাঁচ বছর মেয়াদে দণ্ডপ্রাপ্ত অন্য কোনো দেশের নাগরিক যদি ব্রিটিশ ভিসার আবেদন করেন, সে ক্ষেত্রে তাঁকে পরবর্তী ১০ বছরের জন্য ইংল্যান্ডে নিষিদ্ধ করার বিধান আছে।
আমির ২০১০ সালে স্পট ফিক্সিং-কাণ্ডে ইংল্যান্ডের আইনে কারাদণ্ড ভোগ করেছিলেন। যদিও ছয় মাস দণ্ড ভোগের পর ‘বয়স বিচারে’ তাঁর মুক্তি মিলেছিল। কিন্তু ইংল্যান্ড ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে অনিশ্চয়তাটা থেকেই যাচ্ছে। তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন চান আমির ইংল্যান্ডে খেলতে যান। বলেছেন, আমির ভিসা না পেলে তিনি অবাকই হবেন।
রিচার্ডসন বলেছেন, ‘ও যে আবার ক্রিকেটে ফিরেছে, এটা দারুণ কিছু। সে নিজেই তরুণ খেলোয়াড়দের সামনে নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে। কোনটা ভালো, কোনটা মন্দ—এই ব্যাপারে আমিরের চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে।’
স্পট ফিক্সিং-কাণ্ডে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ করে আমির প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন গত বছরের শেষের দিকে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্যের পর তিনি বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলেও নজর কাড়েন। এরপর পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলে সুযোগ পেয়ে যান পাকিস্তান দলে।
আমিরের প্রতি নিজের সহানুভূতিও প্রকাশ করে রিচার্ডসন বলেছেন, ‘সে অন্যায় করেছে, আমরা তাকে শাস্তি দিয়েছি, সে শাস্তি ভোগ করেছে। এখন আমরা তার কৃতকর্ম নিয়ে নতুন করে কথা তোলার কেউ নই। তার ফেরাটা অবশ্যই আমাদের স্বাগত জানানো উচিত।’ সূত্র: এএফপি।