আমিরকে নিয়ে সমস্যা নেই ব্রডের

তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় টেস্ট হতে পারত সেটা। বোলার স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি তো ওই টেস্টেই! অথচ লর্ডসে ২০১০ সালের সেই টেস্টটা ‘কুখ্যাত’ হয়ে আছে মোহাম্মদ আমিরসহ তিন পাকিস্তানি খেলোয়াড়ের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে। সেই আমির আবার পাকিস্তান দলে এবং ভিসা পাওয়া সাপেক্ষে আসছেন ইংল্যান্ড সফরেও। ভিসা পেলে নিশ্চিতভাবে খেলবেনও। এবার প্রথম টেস্টটাই লর্ডসে!
যাঁর দোষে ম্লান হয়ে গিয়েছিল তাঁর নিজের অর্জন, তাঁর বিপক্ষে আবার খেলতে কি কোনো দ্বিধা কাজ করছে ব্রডের মনে? পরশু লন্ডনে সিরিজ সামনে রেখে পৃষ্ঠপোষকদের আয়োজিত এক অনুষ্ঠানে ব্রড কিন্তু উল্টো কথাই বললেন। আমিরের বিপক্ষে খেলতে তিনি কিংবা তাঁর দলের কোনো সমস্যা নেই, ‘আমার মনে হয় না, ওই টেস্টের কোনো অনুভূতি এখানে টেনে আনবে কেউ। আমাদের দলে এখন ওই টেস্টের মাত্র চারজন খেলোয়াড় আছেন। পাকিস্তান দলেও বিশাল পরিবর্তন এসেছে। সুতরাং, আমার মনে হয় না ওই টেস্টের নেতিবাচক কিছু খেলোয়াড় এখানে মনে রাখবে।’
আমিরের আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাকে স্বাগতই জানিয়েছেন ব্রড, ‘আমার মনে হয়, ও তার প্রাপ্য সাজা পেয়েছে। আর বোলার হিসেবে সে যে ওপরের দিকেই থাকবে, এটা নিয়েও মনে হয় না খুব বেশি সন্দেহ আছে। আমি ওর বিপক্ষে গত ছয় বছর খেলিনি। তবে ২০১০ সালে সে প্রতিপক্ষের জন্য নিয়মিত হুমকি ছিল এবং ম্যান অব দ্য সিরিজও হয়েছিল। তখন সে সব দিকেই বল ঘোরাত।’
২০১০ সালে লর্ডসে ওই টেস্টেই ১৬৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন ব্রড, যেটি ছাড়িয়ে গিয়েছিল তাঁর বাবা ক্রিস ব্রডের সর্বোচ্চ টেস্ট ইনিংসকে (১৬২, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে)। লর্ডসের ওই টেস্টটাও ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ২২৫ রানে। আমিরের কেলেঙ্কারির কারণে তাঁর এ অর্জন ম্লান হয়েছে বলে মনে করেন না ব্রড, ‘পেছনে ফিরে তাকালে, আমি লর্ডসের সেই সেঞ্চুরিটার জন্য গর্ব করি, যেটা দিয়ে আমার বাবার সর্বোচ্চ স্কোরটাকে পেরিয়ে গিয়েছিলাম। আমি কখনোই এটাকে অবমূল্যায়িত মনে করি না। রানগুলো তো আমিই করেছি, লর্ডসের অনার্স বোর্ডে নামটাও আমারই।’
তবে কেলেঙ্কারির কারণে ওই টেস্টে ইংল্যান্ডের জয় কিছুটা অবমূল্যায়িত বলে মনে করেন ব্রড, ‘আমরা ওই জয়টা উদ্যাপন করতে পারিনি, করিনি আসলে। ওটা একটা অদ্ভুত সময় ছিল। পরে ওয়ানডে সিরিজেও সেই অপ্রীতিকর অবস্থাটা ছিল, দর্শকদের আচরণেও সেটি প্রতিফলিত হয়েছে।’ এএফপি।