আমিরকে ফেরানোর পক্ষে নন ইনজামামও

পাঁচ বছর আগে মোহাম্মদ আমিরের অপরাধটা ছিল ভয়ংকর। স্পট ফিক্সিং-কাণ্ডে নিজের নাম জড়িয়ে কলুষিত করেছিলেন নিজেকে, খেলা হিসেবে ক্রিকেটকেও। সেই অপরাধের শাস্তি পেয়ে গেছেন এই পাকিস্তানি পেসার। কারা যন্ত্রণা ভোগ করেছেন, ভোগ করেছেন পাঁচ বছর মেয়াদি নিষেধাজ্ঞাও। একজন ‘বিশ্বাস ঘাতক’ হিসেবেই মুখ লুকিয়ে যাপন করেছেন দুঃসহ জীবন। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করে পাঁচ বছর পর তিনি যখন স্বাভাবিক খেলোয়াড়ি জীবনে ফিরতে চাইছেন, তখন তাঁর প্রতি বেশ কঠোর সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত আমিরকে পাকিস্তান দল থেকে দূরে রাখা।
এই মুহূর্তে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন আমির। প্রতিযোগিতার শুরুর দিনটি ছিল তাঁর অনন্য বোলিং নৈপুণ্যে ভাস্বর। রংপুর রাইডার্সের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নিয়ে তিনি নতুন করে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। পাঁচ বছরের দুঃস্বপ্ন কাটিয়ে তিনি যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে যোগ্য করে তুলছেন, রংপুরের বিপক্ষে তাঁর বোলিং সেটাকেই যেন নতুন করে প্রতিষ্ঠিত করেছে। বিপিএলে আমিরের উজ্জ্বল পারফরম্যান্স পাকিস্তানে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য ডন’-এ প্রকাশিত এক কলামে তো প্রশ্নই রাখা হয়েছে, আমিরের প্রতি পাকিস্তান ক্রিকেট কোনো ‘অবিচার’ করছে কি না!
আমিরের ব্যাপারে ইনজামামের বক্তব্য খুবই পরিষ্কার, ‘আমার মনে হয় না ,আমিরকে পাকিস্তান দলে ফেরানোটা খুব ভালো কোনো ভাবনা। আমির কেন, স্পট ফিক্সিংয়ে দায়ে শাস্তি ভোগ করা অন্য দুই ক্রিকেটারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
আমির অপরাধ করে শাস্তি ভোগ করেছেন, জেল খেটেছেন, তাঁকে পাকিস্তান দলে না নেওয়ার কারণ কি এটাই? ইনজামাম বলেছেন, আমিরকে দলে নিলে পাকিস্তান দলের খেলোয়াড়দের মনোযোগ ক্রিকেট থেকে দূরে সরে যাবে। দলের সাজঘরে সৃষ্টি হবে বাজে পরিবেশ।’
ইনজামাম আরও বলেছেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। কিন্তু আমিরের ব্যাপারটা অন্যরকম। আমার অভিজ্ঞতা বলে আমিরকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারত যে সিরিজেই দলে নেওয়া হবে, গণমাধ্যম মেতে উঠবে তাঁকে নিয়েই। ব্যাপারটা দলের ভেতরে সমস্যা তৈরি করবে। যে ক্রিকেটাররা দুর্নীতি করে দেশের সম্মান ডুবিয়েছে, তাদের ব্যাপারে পিসিবিরও উচিত একটা পরিষ্কার নীতিমালা গ্রহণ করা।’
জাতীয় দলে খেলাটা আমিরের জন্যও সমস্যা বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, সমস্যাটা তৈরি হবে মূলত তাঁর নেতিবাচক ইমেজের কারণেই। যেহেতু সে একবার ক্রিকেট দুর্নীতির সঙ্গে নিজের নাম জড়িয়ে সকলের বিশ্বাস ভঙ্গ করেছে, তাই পাকিস্তান দলে ফেরার পর দল যদি কোনো ম্যাচ অল্প ব্যবধানে হেরে যায়, তাহলে সবাই আবার নতুন করে তাঁর দিকে আঙুল তুলবে। পাকিস্তান দলে খেলার সময় তাঁর ওপর যে চাপ তৈরি হবে, সেটা অবর্ণনীয়।’
তবে আমিরের প্রতি অনেকের এই ‘অচ্ছুত’ দৃষ্টিভঙ্গিটা একদমই ভালো লাগছে না সাবেক ইংলিশ ক্রিকেটার জেফরি বয়কটের। ক্রিকেট দুনিয়ার বর্ষীয়ান এই মুখ মনে করেন অপরাধের শাস্তি ভোগ করে ফেরার পর আমিরকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া যেতেই পারে।
নতুন করে জ্বলে ওঠা আমিরকে দেখে বয়কটের উপলব্ধি, ‘আমিরের বাজে অতীতটাকে আঁকড়ে ধরে পড়ে থাকার কোনো মানেই হয় না। তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে।’
বয়কটের ভাবনা অনেকটা ‘অপরাধকে ঘৃণা কর, অপরাধীকে নয়’—এই লাইনেরই। আইনের প্রতি নিজের বিশ্বাসটাকে আঁকড়ে ধরেই বয়কটের অভিমত, ‘যেহেতু আমির ইতিমধ্যেই তাঁর অপরাধের শাস্তি পেয়ে গেছে, তাই তাঁকে দ্বিতীয় সুযোগ একটা দেওয়া উচিত। স্পট ফিক্সিংকে বড় অপরাধ মেনেই আমিরের ‘কারাবাস’টা কোনো দিনই পছন্দ করেননি বয়কট। তিনি বলেন, মানছি স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং ইত্যাদি ক্রিকেট খেলাটা অনেক ক্ষতি করেছে। যে অপরাধ ২০১০ সালে আমির করেছিল, তাতে তাঁর পাঁচ বছরের চেয়েও দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু আমিরকে জেলে পাঠানোর বিপক্ষে আমার অনেক শক্ত কিছু যুক্তি আছে।’
আমির একবার অপরাধ করেছে বলেই যে তাঁকে জাতীয় দলের বাইরে রাখতে হবে—এমন ভাবনায় সাংঘাতিক আপত্তি বয়কটের, ‘কেবল আমিরই নয় এমন পরিস্থিতিতে পড়া যেকোনো খেলোয়াড়ই দ্বিতীয় সুযোগ পেতে পারে। আমির যদি নিজেকে ফিট রাখে, ভালো খেলে যায়, তাহলে তাঁকে পাকিস্তান দলে নেওয়া যেতেই পারে। নিজের মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারলে সে কেন দলের বাইরে থাকবে।’ সূত্র: এনডিটিভি।