আমিরকে সতর্কবার্তা
মাঝখানে পেরিয়ে গেছে ছয় বছর। মোহাম্মদ আমিরের কাছে সময়টা আরও বেশি লম্বা মনে হতে পারে। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে ছয় মাস জেল খাটতে হয়েছে, ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন পাঁচটি বছর। যে লর্ডসে খেলতে গিয়ে এই ভোগান্তি, ১৪ জুলাই সেখানেই পাকিস্তানের হয়ে সফরের সূচনা টেস্ট খেলতে যাচ্ছেন আমির। পাকিস্তান দলের আসন্ন ইংল্যান্ড সফরে স্বভাবতই পাদপ্রদীপের আলোয় থাকছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটের মূল স্রোতে ফেরা ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার। তাই তাঁকে সতর্ক করে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম, ‘আমিরের এখন আর কোনো ভুল করা চলবে না।’
উল্টো আমিরের আসন্ন সফরে অনেক কিছুই প্রমাণের আছে বলে মনে করেন ইন্তিখাব, ‘আর কোনো ভুল নয়, হারিয়ে যাওয়া পাঁচটি বছর পুষিয়ে নেওয়ার জন্য সে সচেষ্ট, এটা ক্রিকেট-দুনিয়াকে দেখাতে হবে তাকে। প্রমাণ করতে হবে ক্রিকেটের মূল স্রোতে আবার ফিরে আসার যৌক্তিকতাও।’ পাকিস্তান ক্রিকেট ম্যানেজারের একটাই ভয়—মাঠে এবং মাঠের বাইরে হয়তো আমিরকে প্ররোচিত করা হবে। এ ক্ষেত্রে শিষ্যের প্রতি তাঁর একটাই পরামর্শ—মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো প্রতিক্রিয়া দেখানো চলবে না।
আজ সকালেই পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড রওনা হওয়ার কথা। এএফপি।