আমিরাতের আত্মসমর্পণ

৪, ৪, ৪—সংযুক্ত আরব আমিরাতের প্রথম তিন ব্যাটসম্যানের রান! পার্থে ভারতের বিপক্ষে মাত্র তিনজন আমিরাত ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। ভারতীয় বোলারদের বিপক্ষে আমিরাতের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমাপর্ণে ধুঁকতে থাকা ইনিংসটা থামল ১০২ রানে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনো দলের এটিই সর্বনিম্ন সংগ্রহ।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল উপসাগরীয় দেশটি। জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৫ আর আয়ারল্যান্ডের সঙ্গে ২৭৮ রান করে নিজেদের ব্যাটিংয়ের শক্তিটা জানান দিয়েছিল সকলকে। কিন্তু ভারতের বিপক্ষে খেলতে নেমে তারা বুঝলো বিশ্বকাপ আসলে কতটা কঠিন!
ভারতীয় ফিল্ডারদের হাত আজ ছিল যথেষ্ট পিচ্ছিল। কিন্তু সেই পিচ্ছিল হাতের সুবিধাটুকু আমিরাত নিতে পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিজাদুতে রীতিমতো নাকাল মোহাম্মদ তৌকিরের দল।
নিয়মতি বিরতিতে উইকেট পতনের মিছিলে যা একটু লড়াই চালিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাইমান আনোয়ার। সর্বোচ্চ ৩৫ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন খুররম খান। তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে ‘মি এক্সট্রা’র কাছ থেকে! ইনিংসে সবচেয়ে বড় জুটিটা হলো শেষ উইকেটে গিয়ে। শাইমান-মঞ্জুলা গুরুগের ১০ম উইকেটে এল ৩১ রান।
ভারতীয় বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অশ্বিন। দুটি করে উইকেটে নিয়েছেন উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা।