আমিরাতের বিপক্ষে ভারতের বাংলাদেশ-প্রস্তুতি

খাঁ খাঁ গ্যালারি। টেনে টুনে কয়েক শ দর্শকই হয়তো হবে। একটা গুরুত্বহীন ম্যাচ দেখতে এর চেয়ে বেশি দর্শক হওয়ারও কথা নয়। তার ওপর মুখোমুখি দুই দল ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সামর্থ্যের তফাতটা তো অনেকটা ‘আইফোন সিক্স’-এর পাশে ‘নোকিয়া ১১০০’-র মতো। রোমাঞ্চের সম্ভাবনা কম জেনেও হাজার হাজার নিষ্প্রাণ আসনের ফাঁকে যে গুটিকয়েক দর্শকের মুখ দেখা গেল, এ-ই তো ঢের!
ক্রিকেটীয় অনিশ্চয়তায় অনেক ‘যদি’, ‘কিন্তু’ থেকে যায় ঠিকই, তবু এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখেছেন এমন লোক খুব কমই ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা হলোও না। হেসে-খেলেই আরব আমিরাতকে ৯ উইকেটে হারাল ভারত।
টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল মহেন্দ্র সিং ধোনির দল। গতকাল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশও ফাইনাল নিশ্চিত করায় গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ নিয়ে খুব একটা আকর্ষণ আর নেই। আজকের ম্যাচটাই দেখুন—শুধু এশিয়া কাপ লেবেলটা লেগে আছে বলে, না হলে এই ম্যাচটাকে ভারতের প্রস্তুতি ম্যাচ হিসেবে চালিয়ে দেওয়া যেত। ‘প্রস্তুতি’তে একটাই অস্বস্তি থাকতে পারে ধোনির। ব্যাটিংটা যে ঠিকমতো করারই সুযোগ পেল না তাঁর দল।
পাবে কোত্থেকে? টস জিতে আগে ব্যাট করা আমিরাত ২০ ওভারে মাত্র ৮১ রানই করতে পারল। এরই মধ্যে ব্যাটিং দিয়ে ছোট দলের ‘বড় তারকা’ হয়ে ওঠা শাইমান আনোয়ারের ব্যাটেই যা একটু রান (৪৩) এল। আমিরাতের আর একজনই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। বাকি নয় ব্যাটসম্যান মিলে তুলেছেন ২০! টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর আর ১৬ নম্বর দলের ব্যবধানটা স্পষ্ট করল ভারত।
৮২ রানের লক্ষ্য। সেটি কত ওভারে তাড়া করতে পারবে ভারত, সেটিই ছিল ম্যাচে একমাত্র ‘উত্তেজনা’র বিষয়। যুবরাজ-রোহিতরা নিলেন মাত্র ১০.১ ওভার। ওপেনিংয়ে নামা রোহিত ছিলেন চেনা ছন্দে—৩৯ রান করেছেন ২৮ বলে। তবে ধোনিকে তৃপ্তি দেবে যুবরাজের ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বদলে দেওয়া এক ইনিংস খেলা এই বাঁহাতি আজ ১৩ বলে করেছেন ২১। তুলনায় ‘ওয়ানডে’ মেজাজে ছিলেন ধাওয়ান। ১৬ রান করতে ২০ বল লাগিয়ে ফেলা তো ‘অপরাধে’র পর্যায়ে পড়ে।
ব্যাটিংয়ের সুযোগ সবাই পাননি। তবে টস হেরে পাওয়া বোলিংয়ের সুযোগটা বেশ ভালোই কাজে লাগাল ভারত। নেহরা, অশ্বিন আর জাদেজাকে বিশ্রাম দিয়ে ভুবনেশ্বর কুমার, হরভজন সিং আর পবন নেগিকে দলে নেয় তারা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত নেগি ৩ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর হরভজন দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি—৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে তাঁর ১ উইকেট।