একপেশে এক ম্যাচ।
আশ্চর্য হওয়ার কিছু নেই। ভারতের সামনে ‘পুঁচকে’ আরব আমিরাতের উড়ে যাওয়াটাই স্বাভাবিক।
দুই দলে পার্থক্য আকাশ-পাতাল। আমিরাতের সঙ্গে কাল ভারতের ৯ উইকেটে বিশাল জয়েই সেটি পরিষ্কার। আমিরাতকে ১০২ রানে গুঁড়িয়ে ১৮৭ বল আগেই জয়ের বন্দরে পৌঁছানো—অব্যবহৃত বলের হিসাবে বিশ্বকাপে এটি ভারতের সবচেয়ে বড় জয়ও।
তবে ভারত কাল আগে ব্যাট করলে ম্যাচটা হতে পারত অন্য রকম। ব্যাটিংয়ে বড় কোনো রেকর্ড-টেকর্ডও হয়ে যাওয়াটাও বিচিত্র ছিল না। কে কত বলে কত রান করলেন, কটা চার-ছয় মারলেন এসবেই হয়তো ভরে উঠত ম্যাচ রিপোর্ট।
রেকর্ড-বিষয়ক গবেষণা থাক, বলা ভালো ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ভারতের ‘ব্যাটিং অনুশীলনে’ একটু ঘাটতি থেকে গেল। আমিরাত টস জিতে ব্যাটিং নেওয়াতেই পরিকল্পনাটা পুরোপুরি খাটল না। টস হেরে ফিল্ডিংয়ে নামা মানে বোলাদের দেখে নেওয়ার সুযোগ। মহেন্দ্র সিং ধোনি সেটিই দেখে নিলেন।
রবিচন্দ্রন অশ্বিন নিজেকে দেখালেন যেন নতুন করে। পার্থের গতিময় পিচে কি না এই স্পিনার আলো ছড়ালেন! ১১তম ওভারে আক্রমণে তাঁর ডাক, আমিরাতের রান তখন ২ উইকেটে ২৮। শুরু হলো অশ্বিনের স্পিন-জাদু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধ পরিবেশে বল হাতে তাঁর দাপট!
নিজের দ্বিতীয় বলেই ফিরিয়েছেন আমিরাতের ব্যাটিংয়ের বড় ভরসা কৃষ্ণা চন্দ্রনকে। খানিক পরই আর্ম বলের ফাঁদে পড়লেন পাতিল, দলের সেরা ব্যাটসম্যান খুররম খান বুঝতেই পারেননি অশ্বিনের বলটা, রায়নাকে দিলেন ক্যাচ। এই অশ্বিনের হাতেই ভাঙল আমিরাতের ব্যাটিং-মেরুদণ্ড। ১০ ওভারে ২৫ রান খরচ, ৪ উইকেট নিয়ে আমিরাতকে ৩১.৩ ওভারে অলআউটই করেননি শুধু অশ্বিন, ওয়ানডেতে এটি তাঁর সেরা বোলিংও বটে।
পরিসংখ্যান জানাচ্ছে, এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ায় ৮ ম্যাচে গড়ে ৪৪.৭৫ রান খরচে অশ্বিন উইকেট পেয়েছিলেন মাত্র আটটি। এই বিশ্বকাপের তিন ম্যাচেই ৮ উইকেট, প্রথম ম্যাচে একটি, পরেরটিতে তিনটি। গড় রান খরচ ১৩.৩৭। তবু নিজেকে কোথাও যেন একটু হারিয়ে খুঁজছিলেন। টুকটাক সমালোচনাও হচ্ছিল। সেসবের একটা জবাবও দিলেন চেন্নাইয়ের ২৮ বছর বয়সী স্পিনার।
রোহিত শর্মার জন্যও ম্যাচটা হয়ে থাকল আলাদা। প্রথম দুই ম্যাচে রান পাননি, দুর্বল আমিরাতকে সামনে পেয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিলেন। ৫৫ বলে অপরাজিত ৫৭—বড় কিছু নয়। তবে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়ানডের দুটি ডাবল সেঞ্চুরির মালিকের আত্মবিশ্বাস এতে বাড়বে। ২৯ রানে শিখর ধাওয়ানের বিদায়ের পর রোহিত-বিরাট কোহলি জুটির অপরাজিত ৭৫ রানে জয়ে পৌঁছে গেছে ভারত।
ধোনিদের পরের ম্যাচ এই পার্থেই, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আমিরাত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিশ্চিতই কাজে লাগবে টানা তৃতীয় জয় পাওয়া চ্যাম্পিয়নদের। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।