আমিরের অপমানে ক্ষমা চাইল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ গ্যালারি থেকে এক দর্শক আমিরের নাম ধরে ডাক দেন। তিনি একটু ফিরে তাকাতেই ওই দর্শক তাঁর দিকে একটি ডলার উঁচু করে ধরেন
আমির বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ গ্যালারি থেকে এক দর্শক আমিরের নাম ধরে ডাক দেন। তিনি একটু ফিরে তাকাতেই ওই দর্শক তাঁর দিকে একটি ডলার উঁচু করে ধরেন

তিনি ভুলে যেতে চাইছেন, কিন্তু মোহাম্মদ আমিরের পিছু ছাড়ছে না যেন অতীত। স্পট ফিক্সিংয়ের স্মৃতি, নিষেধাজ্ঞার অন্ধকার সময়টা পেছনে ফেলে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তাঁকে এক দর্শকের কাছ থেকে অপমান সইতে হয়েছে, এমনকি স্টেডিয়ামের ঘোষকও অপমান করেছেন মাইক্রোফোনে। যদিও ঘোষকের আচরণের জন্য কাল পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এই নিউজিল্যান্ড সফর দিয়েই আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। শুরুতে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে দর্শকদের দুয়ো পেয়ে আসছিলেন। তবে গত সোমবার ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে বড়সড় অপমানই হজম করতে হয় তাঁকে। ম্যাচের এক পর্যায়ে আমির বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ গ্যালারি থেকে এক দর্শক আমিরের নাম ধরে ডাক দেন। তিনি একটু ফিরে তাকাতেই ওই দর্শক তাঁর দিকে একটি ডলার উঁচু করে ধরেন। ডলারটি নাড়িয়ে নাড়িয়ে আমিরকে উদ্দেশ করে দর্শক বলেন, ‘এটা তোমার জন্য।’ মুহূর্তেই আমিরের মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে অনেকক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকেন। এখানেই শেষ নয়, ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ঘোষকের দায়িত্বে থাকা কর্মী ম্যাক লাউডও ছাড়েননি আমিরকে। ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার বোলিং করার সময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে টাকা গোনার মেশিনের শব্দ বাজাতে থাকেন লাউড।
তবে আমিরকে অপমানের ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দর্শকের ব্যাপারটি তো আর তাদের হাতে নেই। কিন্তু নিজেদের বেতনভুক্ত স্টেডিয়াম ঘোষণাকারীর আচরণকে হালকাভাবে নেয়নি এনজেডসি। সেই ঘোষণাকারীকে তিরস্কার করার পর পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়ে এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমি মনে করি এটা (মেশিনে টাকা গোনার শব্দ বাজানো) অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক। আমি পাকিস্তান দলের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছি এবং আশ্বাস দিয়েছি, এ ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
তবে ডলার দেখানো এই দর্শক আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছেন। হোয়াইট জানিয়েছেন, মাতলামি কিংবা বর্ণবাদী আচরণের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নেওয়া যায়, ‘গ্যালারি থেকে একজন রসিকতা করেছেন—এটা অন্য ব্যাপার। কী রকম আচরণ করতে হবে আমরা তো সারাক্ষণ সবাইকে সেই নির্দেশনা দিতে পারব না। মাতলামি কিংবা গালাগালির ব্যাপারে নির্দেশনা আছে। কিন্তু গ্যালারিতে নানা ধরনের মানুষ থাকে, আর একটু-আধটু ঠাট্টা-বিদ্রূপ তো সারা বিশ্বেই হয়।’ ক্রিকইনফো।