মোহাম্মদ আমির ফিরেছেন ক্রিকেটে, সেটাও বহুদিন হয়ে গেছে। কিন্তু আসলেই কি ফিরেছেন? সাদা পোশাকে এই বাঁহাতি পেসারের পারফরম্যান্সে আগের আমিরের ছাপ ছিল না। কিংস্টনে অবশেষে দেখা দিয়েছেন আমির, ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছেন ২৮৬ রানে।
স্পট ফিক্সিংয়ের শাস্তি ভোগ করে ফিরেছেন ২০১৫ সালেই। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে বেশ কয়েকবার দুর্দান্ত বল করতেও দেখা গেছে তাঁকে। কিন্তু টেস্টে কেন যেন ম্যাচ জেতানো আমিরকে দেখা যাচ্ছিল না। লর্ডসের সেই আলোচিত ম্যাচে ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের পর ইনিংসে ৫ উইকেট পাওয়া হচ্ছিল না। নিজের ব্যর্থতা ছিল, সতীর্থদের মাখন লাগানো হাতের অবদানও কম ছিল না। স্যাবাইনা পার্কে তাই কোনো ঝুঁকি নেননি। চার ব্যাটসম্যানকেই বোল্ড করেছেন। আর দুজনকে বাধ্য করেছেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ৫ উইকেট হয়ে গেল আমিরের (৬/৪৪)। জেসন হোল্ডারের প্রতিরোধও (৫৭ *) তাই আটকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজের অলআউট হওয়া।
প্রথম দিনে তিন উইকেট পাওয়া আমির পরশু বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে তুলে নিয়েছিলেন দেবেন্দ্র বিশু ও আলজারি জোসেফকে। ক্যারিবীয়দের যখন অলআউট হওয়া নিশ্চিত, তখনই বৃষ্টি থামিয়ে দিয়েছে দ্বিতীয় দিনের খেলা। তবে তৃতীয় দিনের খেলা শুরু হতেই দেরি করেননি আমির। দিনের তৃতীয় ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলকে বোল্ড করে ইনিংস শেষ করে দিয়েছেন। পাকিস্তানি পেসারের ক্যারিয়ার-সেরা বোলিং!
কাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২ উইকেটে ৭৪ রান তুলেছে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৫ ওভারে ২৮৬ (ব্রাফেট ০, পাওয়েল ৩৩, হেটমায়ার ১১, হোপ ২, বিশল ৯, চেজ ৬৩, ডাওরিচ ৫৬, হোল্ডার ৫৭*, বিশু ২৮, জোসেফ ০, গ্যাব্রিয়েল ৫; আমির ৬/৪৪, আব্বাস ১/৬৩, রিয়াজ ১/৬৬, ইয়াসির ২/৯১)। (অসমাপ্ত)