আমিরের কারণে পদত্যাগ করছিলেন আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক শেষে নিজের গাড়িতে উঠছেন আজহার আলী। ছবি: এএফপি।
শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক শেষে নিজের গাড়িতে উঠছেন আজহার আলী। ছবি: এএফপি।

মোহাম্মদ আমিরের সঙ্গটাই তাঁর কাছে খুব সম্ভবত অনৈতিক মনে হচ্ছিল। যে খেলোয়াড়টি স্পট ফিক্সিংয়ের কারণে নির্বাসিত হয়েছিলেন, লাহোরের অনুশীলন ক্যাম্পে তাঁর সতীর্থ হয়ে থাকাটাই আজহার আলীর কাছে সঠিক মনে হয়নি। সে কারণেই পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের ধমক খেয়ে পিছু হটেছেন তিনি।
এমনিতেই পাকিস্তান দল এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে। ডোপ পরীক্ষায় ইয়াসির শাহের রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া যাওয়ায় তাঁকে ঘিরে আছে নিষেধাজ্ঞার শঙ্কা। এর মধ্যে আজহার আলীকে আর সমস্যা না বাড়ানোর কথাই বলেছেন শাহরিয়ার খান, ‘আমার আলীর সঙ্গে কথা হয়েছে। ওকে আমি বুঝিয়েছি। এই মুহূর্তে আরও একটি সংকটের মোকাবিলা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম করা শুরু করেন মোহাম্মদ আমির। তাঁকে পাকিস্তান দলে ফেরানো নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি, নানা বিতর্ক থাকলেও বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে জাতীয় দলের জন্য বিবেচনায় আনে পাকিস্তান বোর্ড।
নিউজিল্যান্ডে আসছে সফরের ফিটনেস ক্যাম্পে তাঁকে ডাকা নিয়েও হয়ে গেছে একচোট নাটক। তাঁর উপস্থিতিতে সেই ক্যাম্পে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। পরে বোর্ড চিরতরে এই দুজনকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকি দিলে তাঁরা ফিরে আসেন ক্যাম্পে। সূত্র: এএফপি।